ঢাকা | মার্চ ১৫, ২০২৬ - ৬:৩০ অপরাহ্ন

শিরোনাম

নেতানিয়াহুকে হত্যার অঙ্গীকার ইরানের বিপ্লবী গার্ডের

  • আপডেট: Sunday, March 15, 2026 - 3:18 pm

 

আন্তর্জাতিক ডেস্ক।। ইরানের শক্তিশালী সামরিক বাহিনী ‘ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস’ (আইআরজিসি) সরাসরি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যার অঙ্গীকার করেছে। স্থানীয় সময় রোববার (১৫ মার্চ) সংস্থাটির মুখপত্র ‘সেপাহ নিউজ’-এ প্রকাশিত এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে। খবর এএফপি ও ফ্রান্স-২৪।

বিপ্লবী গার্ড তাদের বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধে তারা নেতানিয়াহুকে ‘খুঁজে বের করবে ও ধাওয়া করে হত্যা করবে’। বিবৃতিতে নেতানিয়াহুকে ‘শিশু হত্যাকারী অপরাধী’ হিসেবে উল্লেখ করে বলা হয়েছে, ‘যতদিন সে বেঁচে থাকবে, আমরা পূর্ণ শক্তি দিয়ে তাকে অনুসরণ করব, শেষ পর্যন্ত তাকে হত্যা করব।’

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধের প্রথম দিনে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর থেকে হিজবুল্লাহ ও ইরানের বিপ্লবী গার্ড সরাসরি ইসরায়েলি শীর্ষ নেতাদের লক্ষ্যবস্তু করার ঘোষণা দিয়ে আসছে।

এদিকে, যুদ্ধের সমাপ্তি টানতে কূটনৈতিক আলোচনার সম্ভাবনা আবারও নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই মুহূর্তে তিনি ইরানের সঙ্গে কোনো ধরনের চুক্তিতে বসতে রাজি নন।

ট্রাম্প বলেন, চুক্তির জন্য বর্তমানে যেসব শর্ত দেওয়া হয়েছে, সেগুলো যথেষ্ট নয়। আমি কোনো দায়সারা চুক্তিতে বিশ্বাসী নই।

ট্রাম্প প্রশাসন ইঙ্গিত দিয়েছে, তেহরান যদি নিঃশর্তভাবে তাদের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি পুরোপুরি বন্ধ না করে, তবে সামরিক অভিযান ‘নিরবচ্ছিন্নভাবে’ চলবে।