ঢাকা | ফেব্রুয়ারী ১০, ২০২৬ - ১:১৬ পূর্বাহ্ন

শিরোনাম

নির্বাচিত হলে মোংলা বন্দরের কর্মচাঞ্চল্যতা ফিরিয়ে আনাসহ সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করবো: শেখ ফরিদ

  • আপডেট: Monday, February 9, 2026 - 10:14 pm

স্টাফ রিপোর্টার, মোংলা।। বাগেরহাট-৩ আসনের (মোংলা-রামপাল) বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেছেন, যদি নির্বাচিত হতে পারি তাহলে মোংলা বন্দরের কর্মচাঞ্চল্যতা ফিরিয়ে আনতে কাজ করবো। চট্টগ্রামের সাথে তাল মিলিয়ে মোংলা বন্দরের উন্নয়ন করা হবে। শ্রমিক ও পরিবেশবান্ধব এ জনপদ গড়ে তুলবো এবং সুন্দরবনের সুরক্ষায় কাজ করবো। আমি বেঁচে থাকতে সংখ্যালঘুদের কেউ ক্ষতি করতে পারবেনা। হিন্দু-মুসলিম ও খ্রিস্টান সকলকে নিয়ে শান্তি ও উন্নয়নের জনপদ গড়বো।

 

আজ সোমবার রাতে মোংলা পৌর শহরের ঈদগাহ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

 

তিনি আরো বলেন, সকলে সজাগ থাকবেন কেন্দ্রে যেন কেউ জাল ব্যালট ও সিল নিয়ে প্রবেশ করতে না পারে। ভোট দেয়ার পর গণনা শেষে রেজাল্ট নিয়ে তারপরই আপনারা বাড়ী ফিরবেন। ভোট কেন্দ্রে কেউ জাল জলিয়াত করতে গেলে তাকে ধরে প্রশানের কাছে তুলে দিবেন।

মোংলা পৌর বিএনপির সভাপতি মো. জুলফিকার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী এ শেষ জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোংলা উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার, রামপাল উপজেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান তুহিন, মোংলা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, মোংলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, যুগ্ম আহবায়ক শেখ রুস্তুম আলী ও বাগেরহাট জেলা বিএনপির সদস্য আব্দুল হালিম খোকন।

নির্বাচনী এ জনসভা শেষে পৌর শহরে বের হয় নির্বাচনী প্রচারণা মিছিল। মিছিলে উপজেলা ও পৌর বিএনপির হাজার হাজার নেতা-কর্মী ও সমর্থকেরা অংশ নেন।