ঢাকা | ফেব্রুয়ারী ১, ২০২৬ - ৭:০৬ অপরাহ্ন

শিরোনাম

নির্বাচন উপলক্ষে সীমান্তবর্তী দুর্গম পাহাড়ে বিজিবির জনসচেতনতামূলক সভা

  • আপডেট: Sunday, February 1, 2026 - 4:24 pm

বরকল প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাঙামাটির বরকল উপজেলার সীমান্তঘেঁষা দুর্গম পাহাড়ি এলাকায় জনসচেতনতামূলক সভা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (১ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ৯টায় ছোট হরিনা ব্যাটালিয়ন (১২ বিজিবি)-এর উদ্যোগে উপজেলার বড় হরিনা ইউনিয়নের ত্রিপুরাঘাট গ্রামে এ সভা অনুষ্ঠিত হয়।

ছোট হরিনা জোনের ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মোহাম্মদ সারোয়ার হোসেনের সভাপতিত্বে আয়োজিত সভায় স্থানীয় জনসাধারণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গুজব, বিভ্রান্তি ও সহিংসতা থেকে দূরে থেকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়ে স্থানীয়দের উদ্বুদ্ধ করা হয়। একই সঙ্গে মাদকদ্রব্য নিয়ন্ত্রণের গুরুত্ব তুলে ধরে মাদক সেবনের শারীরিক, মানসিক, অর্থনৈতিক ও সামাজিক ক্ষতিকর দিক এবং এর কুফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

এসময় এলাকায় কোনো অপরিচিত বা সন্দেহজনক ব্যক্তির চলাচল নজরে এলে তাৎক্ষণিকভাবে বিজিবিকে অবহিত করার জন্য জনসাধারণকে নির্দেশনা দেওয়া হয়। শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় বাঙালি ও পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক সহাবস্থান ও মিলেমিশে থাকার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি এলাকায় চাঁদাবাজি প্রতিরোধ নিয়েও আলোচনা করা হয়।

এছাড়া নারী ও শিশু পাচার প্রতিরোধে বিজিবিকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ এবং পাচারের সঙ্গে জড়িতদের সম্পর্কে তথ্য দেওয়ার আহ্বান জানানো হয়। সভায় ক্যাম্প কমান্ডার দায়িত্বপূর্ণ এলাকার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বজায় রাখা ও স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে উপস্থিতদের সঙ্গে মতবিনিময় করেন।

জনসচেতনতামূলক এই সভার মাধ্যমে সীমান্তবর্তী দুর্গম এলাকার জনগণের মধ্যে নির্বাচনকালীন সচেতনতা ও নিরাপত্তা বিষয়ে ইতিবাচক বার্তা পৌঁছেছে বলে আয়োজকরা জানান।