ঢাকা | মার্চ ৫, ২০২৬ - ১:১৭ পূর্বাহ্ন

নিজেরসহ পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তুলে ধরলেন আসিফ মাহমুদ

  • আপডেট: Wednesday, March 4, 2026 - 10:33 pm

ডেস্ক রিপোর্ট।। সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরুর পর দুর্নীতির অভিযোগের জবাব দিতে নিজের ও পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব প্রকাশ করেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বুধবার (৪ মার্চ) সন্ধ্যায় বাংলামোটরে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য তুলে ধরেন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ জানান, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে সরে দাঁড়ানোর সময় তিনি মন্ত্রিপরিষদ বিভাগে নিজের আয়-সম্পদের পূর্ণাঙ্গ বিবরণ জমা দিয়েছেন। এরপরও বিষয়টি নিয়ে নানা আলোচনা তৈরি হওয়ায় স্বচ্ছতার স্বার্থে পরিবারের সবার ব্যাংক হিসাব জনসমক্ষে প্রকাশের সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি জানান, তার বাবার পাঁচটি ব্যাংক হিসাবে মোট জমা রয়েছে ৫ লাখ ৪৭ হাজার ৭১১ টাকা। তবে শিক্ষকতা পেশায় থাকা অবস্থায় নেওয়া ১০ লাখ টাকার সার্ভিস লোনের বিপরীতে এখনও ৬ লাখ ৩৯ হাজার ৭৪৬ টাকা পরিশোধ বাকি রয়েছে। হিসাব অনুযায়ী, ঋণ সমন্বয়ের পর তার বাবা নিট দেনায় আছেন প্রায় ৮২ হাজার টাকার বেশি।

 

আসিফ মাহমুদ আরও বলেন, তার মায়ের একমাত্র ব্যাংক হিসাবে রয়েছে ২১ হাজার ১৫৪ টাকা। স্ত্রীর একাউন্টে জমা আছে ৬১৩ টাকা। নিজের দুটি ব্যাংক হিসাবের মধ্যে একটি সেভিংস অ্যাকাউন্টে রয়েছে ৯ হাজার ৯৩০ টাকা। অন্যটি তার বেতনভিত্তিক অ্যাকাউন্ট, যেখানে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের সময় বেতন ও ভাতা জমা হতো।

তিনি জানান, ১৬ মাস দায়িত্ব পালনকালে গড়ে মাসিক প্রায় ১ লাখ ৬৫ হাজার টাকা বেতন পেয়েছেন। সংশ্লিষ্ট অ্যাকাউন্টে মোট জমা হয়েছে ৮৫ লাখ ৮১ হাজার টাকা এবং ব্যয় হয়েছে ৭৬ লাখ ৩ হাজার টাকা। বর্তমানে ওই অ্যাকাউন্টে অবশিষ্ট আছে ৯ লাখ ৭৮ হাজার ৬২৬ টাকা। সব মিলিয়ে তার দুটি অ্যাকাউন্টে মোট জমা রয়েছে প্রায় ৯ লাখ ৭৮ হাজার ৫৫৬ টাকা।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভবিষ্যতে যেন তার আর্থিক অবস্থা নিয়ে কোনো বিভ্রান্তি না থাকে, সে লক্ষ্যেই এই তথ্য প্রকাশ করা হয়েছে।