ঢাকা | ফেব্রুয়ারী ২৬, ২০২৬ - ১০:৫৮ অপরাহ্ন

নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয়ে ৩২ বছর শিক্ষকতা শেষে প্রধান শিক্ষিকার বিদায়

  • আপডেট: Thursday, February 26, 2026 - 7:13 pm

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটির কাপ্তাই উপজেলার একমাত্র সরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয়-এ টানা ৩২ বছর শিক্ষকতা শেষে প্রধান শিক্ষক হিসেবে অবসর গ্রহণ করেছেন কল্যাণী বড়ুয়া। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ছিল তাঁর শেষ কর্মদিবস। বিদায়বেলায় সহকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে অশ্রুসিক্ত নয়নে বিদায় নেন তিনি।

১৯৯৪ সালের ৩১ মার্চ সামাজিক বিজ্ঞান বিভাগে সহকারী শিক্ষক হিসেবে তিনি বিদ্যালয়ে যোগদান করেন। এরপর দীর্ঘ ৩২ বছর একই প্রতিষ্ঠানে নিষ্ঠা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। কর্মজীবনের শেষ দিনে সহকর্মীরা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় বিদ্যালয় প্রাঙ্গণে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিপুল বড়ুয়া, সিনিয়র শিক্ষক সুরেশ তনচংগ্যা, শিক্ষক অনুপ বসাকসহ অন্যান্য শিক্ষক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বিদায়ী বক্তব্যে কল্যাণী বড়ুয়া আবেগাপ্লুত কণ্ঠে বলেন, কাপ্তাই উপজেলার নারানগিরি এলাকার মানুষের সঙ্গে কাটানো ৩২ বছর তাঁর জীবনের অমূল্য সময়। এই পথচলার প্রতিটি মুহূর্ত তাঁর হৃদয়ে গাঁথা হয়ে থাকবে।

তিনি সহকর্মীদের উদ্দেশে বলেন, প্রতিদিন পাশে থেকে সহযোগিতা ও সমর্থন দেওয়ার জন্য তিনি তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছেন। প্রিয় শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তাদের বিশ্বাস, ভালোবাসা ও আন্তরিকতা তাঁকে সমৃদ্ধ করেছে এবং তিনি তাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবেন।

অভিভাবক ও এলাকাবাসীর প্রতিও কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, তাঁদের সহযোগিতা, আস্থা ও আন্তরিক সমর্থন সবসময় তাঁকে শক্তি জুগিয়েছে। তিনি বিদ্যালয়ের সার্বিক সুখ, সমৃদ্ধি ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

দীর্ঘ শিক্ষাজীবনের ইতি টেনে কল্যাণী বড়ুয়ার বিদায়ে বিদ্যালয় পরিবার ও এলাকাবাসীর মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।