ঢাকা | জুলাই ১৩, ২০২৬ - ৯:৪১ অপরাহ্ন

শিরোনাম

নাজিরহাটে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ভূজপুরের কাঠুরিয়া জামালের

  • আপডেট: Monday, July 13, 2026 - 7:59 pm

ফটিকছড়ি প্রতিনিধি:

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাটে গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামাল আলম (২৬) নামে এক কাঠুরিয়ার মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (১৩ জুলাই) সকালে উপজেলার নাজিরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব ফরহাদাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জামাল আলম নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার ভূজপুর ইউনিয়নের আছিয়া চা বাগান এলাকার বাসিন্দা মানু মিয়ার ছেলে। তিনি পেশায় একজন কাঠুরিয়া ছিলেন। পরিবার সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে তিনি দৈনিক মজুরির ভিত্তিতে গাছ কাটার কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে পূর্ব ফরহাদাবাদ এলাকায় একটি গাছ কাটার সময় বৃষ্টির মধ্যে গাছের একটি ডাল পাশের বিদ্যুতের তারের ওপর পড়ে যায়। এতে বিদ্যুৎ প্রবাহিত হয়ে গাছের ওপর থাকা জামাল আলম গুরুতর বিদ্যুৎস্পৃষ্ট হন এবং নিচে পড়ে যান।

পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. কামরুল হাসান জানান, হাসপাতালে আনার আগেই জামাল আলমের মৃত্যু হয়েছে। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

জামাল আলমের আকস্মিক মৃত্যুতে তাঁর পরিবার ও আছিয়া চা বাগান এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে। স্থানীয়রা বিদ্যুতের লাইনের পাশের গাছ কাটার সময় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।