ঢাকা | ফেব্রুয়ারী ৯, ২০২৬ - ১০:১২ অপরাহ্ন

শিরোনাম

দীঘিনালায় নির্বাচনী মহড়া, ভোটকেন্দ্র নিরাপত্তায় সর্বোচ্চ প্রস্তুতির বার্তা

  • আপডেট: Monday, February 9, 2026 - 7:16 pm

মো: আল আমিন, দীঘিনালা।
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্রের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ প্রস্তুতির বার্তা দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ লক্ষ্যে সোমবার দুপুরে রসিক নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে নির্বাচনী মহড়া অনুষ্ঠিত হয়েছে।
দীঘিনালা জোনের উদ্যোগে আয়োজিত এ মহড়ায় ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয়। মহড়ায় অংশগ্রহণকারী বাহিনীগুলো সমন্বিতভাবে দায়িত্ব পালনের সক্ষমতা তুলে ধরে।
মহড়াটি পরিদর্শন করেন খাগড়াছড়ি ২০৩ পদাতিক ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কেএম ওবায়দুল হক, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি। এ সময় উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের জোন কমান্ডার লে. কর্নেল মো. আল-আমিন, এসইউপি, পিএসসি, উপ-অধিনায়ক মেজর শিহাবুন সাকিব রূশাদ, পিএসসি এবং মেজর মো. তৌকির আহমেদ, এসইউপি, পিএসসি।
এ বিষয়ে দীঘিনালা জোনের জোন কমান্ডার লে. কর্নেল মো. আল-আমিন বলেন, নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা রক্ষা ও ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা তাদের প্রধান দায়িত্ব। এই মহড়া সেই প্রস্তুতিরই একটি অংশ। তিনি আরও বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।
মহড়ায় স্থানীয় প্রশাসনের প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা উপস্থিত থেকে কার্যক্রম পর্যবেক্ষণ করেন। স্থানীয় বাসিন্দারা জানান, এ ধরনের প্রস্তুতি নির্বাচনকে শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশা করছেন।