ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৬:৩৪ অপরাহ্ন

শিরোনাম

দীঘিনালায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

  • আপডেট: Tuesday, March 10, 2026 - 3:42 pm

দীঘিনালা প্রতিনিধি।।

“দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস–২০২৬ উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার তানজিল পারভেজ। তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশের জন্য একটি বাস্তবতা। তাই দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, “দুর্যোগে ক্ষয়ক্ষতি কমাতে হলে সচেতনতা বৃদ্ধি, প্রশিক্ষণ এবং সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তরুণ সমাজকে দুর্যোগ মোকাবিলায় স্বেচ্ছাসেবী কার্যক্রমে এগিয়ে আসতে হবে।”

তিনি আরও বলেন, সরকার দুর্যোগ ব্যবস্থাপনায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে এবং স্থানীয় প্রশাসনও মানুষের জীবন ও সম্পদ রক্ষায় সর্বদা প্রস্তুত রয়েছে। এ ধরনের কর্মসূচির মাধ্যমে মানুষের মধ্যে দুর্যোগ বিষয়ে সচেতনতা বৃদ্ধি পাবে এবং সবাই মিলে একটি নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব হবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মুনির হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মাজারুল ইসলাম, উপজেলা ইন্সট্রাক্টর (ইউআরসি) মাইন উদ্দিন, কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা জ্ঞান, দীঘিনালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, যুব রেড ক্রিসেন্ট সদস্য, আনসার ও ভিডিপি সদস্য, ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

দিবসটি উপলক্ষে দুর্যোগ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা ও করণীয় বিষয়ে আলোচনা করা হয়।