ঢাকা | জুলাই ৮, ২০২৬ - ৪:২৬ অপরাহ্ন

শিরোনাম

দীঘিনালায় ইয়াবা সেবনের দায়ে যুবকের তিন মাসের কারাদণ্ড

  • আপডেট: Wednesday, July 8, 2026 - 2:51 pm

মো. আল আমিন, দীঘিনালা

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী পুরাতন বাজার এলাকায় ইয়াবা সেবনের দায়ে এক যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে দীঘিনালা থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত অভিযানে বোয়ালখালী পুরাতন বাজার এলাকার সড়ক থেকে মো. রিপন (২৫) নামে এক যুবককে আটক করা হয়। তিনি ওই এলাকার মৃত ফয়েজ আহাম্মদের ছেলে।

আটকের পর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সংশ্লিষ্ট বিধান অনুযায়ী রিপনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

দীঘিনালা থানা পুলিশ জানায়, দণ্ডপ্রাপ্তকে সাজা কার্যকরের জন্য কারাগারে পাঠানো হয়েছে।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের নিয়মিত অভিযান চলছে। মাদক সেবন, বহন কিংবা বিক্রির সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”