ঢাকা | মে ২৪, ২০২৬ - ১০:১৫ অপরাহ্ন

শিরোনাম

থানচি থানা ঘেরাও বিক্ষুব্ধ জনতার, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিজিবি

  • আপডেট: Sunday, May 24, 2026 - 8:37 pm

বান্দরবান প্রতিনিধি।।

​বান্দরবানের থানচিতে এক শিশুকে ধর্ষণের অভিযোগে অবরুদ্ধ থানা ঘেরাও করে বিক্ষুব্ধ জনতা। পরে পুলিশ ও উত্তেজিত জনতার মাঝে চরম উত্তেজনা তৈরি হলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৩ মে রাতে থানচি সদর ইউনিয়নের নতুন পাড়ায় পাঁচ বছর বয়সী এক পাহাড়ি শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে বিজয় বড়ুয়া নামের এক ব্যক্তির বিরুদ্ধে। ২৪ মে সকালে স্থানীয় জনতা অভিযুক্তকে আটকে থানচি থানায় সোপর্দ করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করলে থানায় উপস্থিত জনতার একটি অংশ উত্তেজিত হয়ে পড়ে। তারা অভিযুক্তকে সরাসরি তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানায়। পুলিশ এতে অস্বীকৃতি জানালে বিক্ষুব্ধ জনতা পুরো থানচি থানা ঘেরাও করে ফেলে এবং থানা প্রাঙ্গণে তীব্র বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পরিস্থিতি একপর্যায়ে পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার উপক্রম হয়।

এই চরম উত্তেজনার মুখে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইয়াসির আরাফাত হোসেনের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ দল দ্রুত থানচি থানায় এসে অবস্থান নেয়। বিজিবি সদস্যরা অত্যন্ত পেশাদারিত্বের সাথে উত্তেজিত জনতাকে শান্ত করে অবরুদ্ধ থানা চত্বরের নিরাপত্তা নিশ্চিত করে এবং দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

​থানচি থানা পুলিশ জানায়, অভিযুক্ত বিজয় বড়ুয়ার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে কঠোর নিরাপত্তায় আদালতে পাঠানো হয়েছে। অন্যদিকে, ভুক্তভোগী শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য বিজিবির অ্যাম্বুলেন্সে করে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

​বর্তমানে থানচি সদর ও থানা এলাকার পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। অনাকাঙ্ক্ষিত বিশৃঙ্খলা এড়াতে এলাকায় বিজিবি ও পুলিশের যৌথ টহল জোরদার করা হয়েছে।