ঢাকা | মার্চ ২৫, ২০২৬ - ৪:০১ অপরাহ্ন

শিরোনাম

ডাবচুরির অভিযোগে ছাত্রদল নেতাসহ দুজনকে জুতাপেটা, ভিডিও ভাইরাল 

  • আপডেট: Wednesday, March 25, 2026 - 12:34 pm

ডেস্ক রিপোর্ট।। মৌলভীবাজারের বড়লেখায় ডাবচুরির অভিযোগ তুলে উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহপ্রচার সম্পাদকসহ দুজনকে প্রকাশ্যে জুতাপেটা করার ঘটনা ঘটেছে। সোমবার রাত নয়টায় দক্ষিণভাগ বাজার সমিতির কার্যালয়ে এই ঘটনা ঘটে। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

জুতাপেটার শিকার দুজন হলেন দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহপ্রচার সম্পাদক আলী হোসেন মান্না ও ফইয়াজ আলী। মান্না উপজেলার গজভাগ গ্রামের আবুল হোসেনের ছেলে এবং ফইয়াজ আলী দক্ষিণ দোহালিয়া গ্রামের ময়না মিয়ার ছেলে।

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, দক্ষিণভাগ ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান শাহীন প্রকাশ্যে সাবেক ছাত্রদল নেতা আলী হোসেন মান্না ও ফইয়াজ আলীকে জুতা দিয়ে মারছেন।

এ সময় স্থানীয় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল হকসহ বেশ কয়েকজন পাশের চেয়ারে বসা ছিলেন। ওই সময় মারধরের ভিডিও স্থানীয় একজন ধারণ করছিলেন। এ সময় ভিডিও ধারণ করতে আলী হোসেন মান্না আপত্তি জানান।

এদিকে মান্নাকে বিভিন্ন সময় বিএনপির বিভিন্ন কর্মসূচিতে দেখা গেলেও ডাবচুরির অভিযোগ ওঠার পর দক্ষিণভাগ ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক মইজ উদ্দিন ২১ মার্চ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মান্নাকে ২০২৪ সালে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার সঙ্গে দলের কোনো সম্পৃক্ততা নেই।

মারধরের কারণ জানতে চাইলে দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহপ্রচার সম্পাদক আলী হোসেন মান্না মঙ্গলবার রাতে বলেন, তিনি ২০১৪ সাল থেকে ছাত্রদলের রাজনীতিতে সম্পৃক্ত হন। ২০১৯ সালে ইউনিয়ন ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটির সহপ্রচার সম্পাদক ছিলেন।

বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান বলেন, ঘটনাটি শোনেননি। কেউ অভিযোগও দেয়নি। তারপরও বিষয়টি খোঁজ নেব।