টেকনাফে বিজিবির পৃথক অভিযানে ২৫ কোটি টাকার ইয়াবা জব্দ
টেকনাফ প্রতিনিধি।।
কক্সবাজারের টেকনাফ সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এসব ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
শনিবার ভোররাতে বিশেষ প্রযুক্তির সহায়তায় হ্নীলা ইউনিয়নের নাফ নদী সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৮ লাখ ৫৯ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই দিনে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) খুনিয়াপালং ইউনিয়নের তুলাবাগান এলাকা থেকে আরও ২ লাখ পিস ইয়াবা জব্দ করে।
শনিবার বিকেলে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল মো. জহিরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। এ সময় উপ-অধিনায়ক ইশতিয়াক আহমেদ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে একটি চোরাকারবারী দল নাফ নদী পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে—এমন তথ্য পাওয়ার পর হ্নীলা বিওপি’র একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে অবস্থান নেয়। টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ১৩টি পোটলার ভেতরে জলরোধী প্যাকেটে মোড়ানো বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। দীর্ঘ সময় অভিযান চালিয়েও কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছে বিজিবি। পলায়নরতদের ধরতে এলাকায় অভিযান অব্যাহত রয়েছে।
বিজিবি আরও জানায়, এদিনের অভিযানে রামু সেক্টরের আওতায় মোট ১০ লাখ ৫৯ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ৩১ কোটি ৭৮ লাখ ২০ হাজার টাকা।
সংবাদ সম্মেলনে কর্নেল জহিরুল ইসলাম বলেন, মাদক চোরাচালান রোধে নজরদারি জোরদার করা হয়েছে এবং জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান চলমান রয়েছে।











