ঢাকা | মার্চ ১৯, ২০২৬ - ৪:১৬ অপরাহ্ন

শিরোনাম

জ্বালানি সংকট সমাধানে কূটনৈতিক সমাধান চায় দ. কোরিয়া: প্রেসিডেন্ট

  • আপডেট: Tuesday, March 17, 2026 - 10:36 am

আন্তর্জাতিক ডেস্ক।। দক্ষিণ কোরিয়া হরমুজ প্রণালি সংকটের কূটনৈতিক সমাধান চায় বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট লি জেই ময়াং। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের সংকট দীর্ঘস্থায়ী হলে বৈশ্বিক জ্বালানি খাতে সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্যও প্রস্তুত থাকতে হবে।

সোমবার (১৭ মার্চ) একটি সরাসরি টেলিভিশন সম্প্রচারে তিনি বলেন, সংকট দীর্ঘ হলে জ্বালানি খাতে সম্ভাব্য সবচেয়ে খারাপ পরিস্থিতির বিষয়টি বিবেচনায় নিতে হবে। একই সঙ্গে তিনি কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করে দক্ষিণ কোরিয়ার জন্য স্থিতিশীল বিকল্প জ্বালানি উৎস খুঁজে বের করার ওপর গুরুত্ব দেন।

তিনি আরও বলেন, প্রয়োজন হলে দক্ষিণ কোরিয়া জ্বালানি রপ্তানিতে সীমাবদ্ধতা আরোপের বিষয়টিও বিবেচনা করতে পারে, যদিও এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি।

এছাড়া তিনি দ্রুত নবায়নযোগ্য জ্বালানি উৎসের ব্যবহার বাড়ানোর ওপর জোর দেন।

এর আগে প্রেসিডেন্টের দপ্তর জানিয়েছিল, গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালির নিরাপত্তায় সহযোগিতা করতে মিত্র দেশগুলোর প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে আহ্বান জানিয়েছেন, সে প্রেক্ষিতে দক্ষিণ কোরিয়া তাদের নৌবাহিনী সেখানে পাঠানোর বিষয়ে কোনো প্রতিশ্রুতি দেয়নি। বর্তমানে ওই গুরুত্বপূর্ণ জলপথটি ইরানের নিয়ন্ত্রণে রয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।