ছাত্র-ছাত্রীদেরকে মোবাইলে আসক্তি থেকে বেরিয়ে পড়ালেখায় মনোযোগী হতে হবে – জমির উদ্দিন
চট্টগ্রাম প্রতিনিধি :
৮নং শুলকবহর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদের উদ্যোগে শুলকবহরের পিলখানা এলাকায় সাধারণ ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এ সময় তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সর্বপ্রথম ১৯৯১ সালে জনগণের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে শিক্ষার সমৃদ্ধি বিস্তারে ছাত্র-ছাত্রীদের ফ্রি পড়ালেখার ব্যবস্থা গ্রহণ করেন। তার ধারাবাহিকতায় আমাদের নারীদের শিক্ষার প্রসার ঘটেছে।
গ্রামগঞ্জে ও প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার মান বাড়াতে হলে পরিবার ও শিক্ষকদেরকেই এগিয়ে আসতে হবে। আজকাল ছেলেমেয়েরা মোবাইলে বেশি আসক্ত হয়ে পড়েছে, তাদেরকে পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক অঙ্গনে সম্পৃক্ত করতে হবে। তাহলেই আমাদের ছেলেমেয়েদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করা সম্ভব।
সমাজে বিত্তবানরা প্রতিবেশী গরিব মেধাবী ছাত্রদের পাশে দাঁড়ালে এবং সহযোগিতা করলে তাহলেই তাদের পক্ষে উচ্চশিক্ষা গ্রহণ সম্ভব। বিত্তবানদেরকে গরিব মেধাবী ছাত্র-ছাত্রীদেরকে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
শিক্ষা সামগ্রী বিতরণ পূর্ব আলোচনা সভায় পিলখানা মহল্লা কমিটির সাধারণ সম্পাদক, পাঁচলাইশ থানা বিএনপি নেতা মোহাম্মদ আলম এর সভাপতিত্বে এবং মহানগর যুবদলের সাবেক সহ-সম্পাদক হামিদুল হক চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল নেতা জাবেদ সাফায়াত সুবহান, আব্দুল কাদের, সাজ্জাদ চৌধুরী নাজিমুদ্দিন মিন্টু, জহিরুল ইসলাম জনি, মোহাম্মদ বেলাল, মোহাম্মদ সাইফুল আলম, মোহাম্মদ নাসির, মোহাম্মদ মহিউদ্দিন গাজী প্রমুখ।
এ সময় অভিভাবকদের উপস্থিতিতে ৫০ জন ছাত্র-ছাত্রীর মাঝে শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়।











