ঢাকা | জুন ১৮, ২০২৬ - ৭:১১ অপরাহ্ন

শিরোনাম

চন্দনাইশে বরকল ব্রিজ সংলগ্ন বালুমহালে অভিযান, লাল পতাকা উত্তোলন ও জরিমানা আদায়

  • আপডেট: Thursday, June 18, 2026 - 4:49 pm

চন্দনাইশ প্রতিনিধি:

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরকল ব্রিজ সংলগ্ন বালুমহালে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১৭ জুন) উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝুন্টু বিকাশ চাকমা উপস্থিত ছিলেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় চন্দনাইশ থানা পুলিশ সহযোগিতা করে।

অভিযান চলাকালে বালুমহালের ইজারাদারকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। এ কারণে প্রশাসনের পক্ষ থেকে বালুর স্তূপে লাল পতাকা উত্তোলন করা হয় এবং ইজারাদারকে প্রয়োজনীয় লাইসেন্সপত্র নিয়ে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার নির্দেশ দেওয়া হয়।

এ সময় বালুমহাল এলাকায় থাকা দুইটি ট্রাকের চালকের কাছে প্রয়োজনীয় ড্রাইভিং লাইসেন্স না থাকায় পরিবহন আইনে প্রত্যেককে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া পাশ্ববর্তী একটি তেলের দোকানে লাইসেন্স না থাকায় আরও ২০০ টাকা জরিমানা আদায় করা হয়। সব মিলিয়ে মোট ৪০ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, চন্দনাইশের বরমার বাইনজুরী, বৈলতলীর খোদারহাট, হাসিমপুরের বরগুনী এবং দোহাজারী শঙ্খনদী পাড়সহ বিভিন্ন বালুমহাল এলাকায় ইজারা কার্যক্রম নিয়ে নানা আলোচনা ও অভিযোগ রয়েছে। সংশ্লিষ্টদের অভিযোগ, বাস্তব বালুর পরিমাণ ও ইজারা প্রক্রিয়ার মধ্যে অসামঞ্জস্য থাকায় সরকার সম্ভাব্য রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।

এ বিষয়ে স্থানীয়দের একটি অংশের দাবি, বালুমহাল ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও কার্যকর নজরদারি নিশ্চিত করা হলে সরকারি রাজস্ব বৃদ্ধি পাবে এবং অনিয়ম কমে আসবে।