ঢাকা | ফেব্রুয়ারী ১২, ২০২৬ - ৮:০০ অপরাহ্ন

খাগড়াছড়িতে ২০৩ কেন্দ্রে একযোগে ভোট, মাঠে বিজিবি-সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী

  • আপডেট: Thursday, February 12, 2026 - 4:58 pm

খাগড়াছড়ি প্রতিনিধি ।।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে খাগড়াছড়ি-২৯৮ নং সংসদীয় আসনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ৭টা ৩০ মিনিট থেকে জেলার ২০৩টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়।
সকাল থেকেই নারী-পুরুষসহ বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার ভোটারদের সরব উপস্থিতিতে কেন্দ্রগুলোতে প্রাণচাঞ্চল্য দেখা যায়। অনেক কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, এ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৫৪ হাজার ১১৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৮০ হাজার ২০৬ জন, নারী ভোটার ২ লাখ ৭৩ হাজার ৯০৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৪ জন। পাহাড়ি ও দুর্গম এলাকা সমন্বিত এ আসনে সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে।
নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রতিটি কেন্দ্রে প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তারা দায়িত্বশীলভাবে কাজ করছেন এবং ভোটগ্রহণ কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রতিটি কেন্দ্র সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র‍্যাব ও আনসারসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা মাঠে সক্রিয় রয়েছেন। দুর্গম পাহাড়ি কেন্দ্রগুলোতেও সময়মতো নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে।
নির্বাচন উপলক্ষে খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) নিরলস দায়িত্ব পালন করছে। গত ৩০ জানুয়ারি থেকে বিজিবি সদস্যরা খাগড়াছড়ি সদর ও মহালছড়ি উপজেলায় নির্বাচনী দায়িত্বে নিয়োজিত রয়েছেন। বৃহস্পতিবার সেক্টর সদর দপ্তর খাগড়াছড়ির সেক্টর কমান্ডার কর্নেল মো. আব্দুল মোত্তাকিম, এসপিপি, পিবিজিএম, পিএসসি, জি বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন। একইভাবে খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরান কবির উদ্দিন, বিজিওএম সকাল থেকেই খাগড়াছড়ি সদর ও মহালছড়ির বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন এবং ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি ভোটারদের নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।
খাগড়াছড়ি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আনোয়ার সাদাত বলেন, “অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ২০৩টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অত্যন্ত উৎসাহব্যঞ্জক।”
খাগড়াছড়ি-২৯৮ আসনে মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ধানের শীষ প্রতীকে আবদুল ওয়াদুদ ভূঁইয়া, দাঁড়িপাল্লা প্রতীকে মো. ইয়াকুব আলী, ঘোড়া প্রতীকে ধর্ম জ্যোতি চাকমা এবং ফুটবল প্রতীকে সমিরণ দেওয়ানকে হেভিওয়েট প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে।
দিনের শেষ পর্যন্ত একই শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। পাহাড়ি জনপদে উৎসবমুখর পরিবেশে ভোটারদের অংশগ্রহণে খাগড়াছড়িতে গণতান্ত্রিক চর্চার এক প্রাণবন্ত দৃশ্য ফুটে উঠেছে।