খাগড়াছড়ি-২৯৮ আসনে জয়ী ওয়াদুদ ভূঁইয়া, পাহাড়ি-বাঙালি ঐক্যের বার্তা
খাগড়াছড়ি প্রতিনিধি।
খাগড়াছড়ি-২৯৮ সংসদীয় আসনে সরকারি ফলাফলে এগিয়ে থাকার পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক বার্তায় তিনি জেলার সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, “এই বিজয় পাহাড়ি-বাঙালি সহ সকল মানুষের বিজয়; এতে আমার একার কোনো কৃতিত্ব নেই। এই জেলার সবাই আমাকে নির্বাচিত করেছেন। তাই আগামীতে সকলের মতামত ও পরামর্শের ভিত্তিতে এই জেলার সার্বিক কাজ করে যেতে চাই। আশা করি আপনারা আমার পাশে থাকবেন।”
জেলা রিটার্নিং কর্মকর্তা আনোয়ার হোসেন সাদাতের স্বাক্ষরিত ফলাফলে দেখা যায়, ধানের শীষ প্রতীকে ওয়াদুদ ভূঁইয়া পেয়েছেন ১,৫১,০৪০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (ঘোড়া প্রতীক) পেয়েছেন ৬৮,৩১৫ ভোট।
এদিকে একই আসনে অনুষ্ঠিত গণভোটে ভিন্ন চিত্র দেখা গেছে। ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১,৪৪,৩৫৫টি এবং ‘না’ ভোট পড়েছে ১,৫৫,৯৪২টি। অর্থাৎ, খাগড়াছড়ি-২৯৮ আসনে ‘না’ ভোট ‘হ্যাঁ’ ভোটের তুলনায় উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে রয়েছে।
ওয়াদুদ ভূঁইয়া তাঁর প্রতিক্রিয়ায় পাহাড়ি-বাঙালি সম্প্রীতির বিষয়টি বিশেষভাবে তুলে ধরে বলেন, বিভাজন নয়—ঐক্যই হবে আগামীর পথচলার মূল ভিত্তি। নির্বাচিত হলে সবার মতামতকে গুরুত্ব দিয়ে জেলার উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি।
খাগড়াছড়ি-২৯৮ আসনের এই ফলাফলকে কেন্দ্র করে জেলার রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।









