কাপ্তাইয়ের সীতাদেবী মন্দিরে ২৬তম সার্বজনীন বিশ্বশান্তি গীতাহোমযজ্ঞ অনুষ্ঠিত
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি।
শিব চতুর্দশী উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলার চিৎমরম এলাকায় অবস্থিত প্রাগৈতিহাসিক শ্রীশ্রী মাতা সীতাদেবী মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে ২৬তম সার্বজনীন বিশ্বশান্তি গীতাহোমযজ্ঞ। এ উপলক্ষে সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত মন্দির প্রাঙ্গণে হাজারো ভক্তের সমাগম ঘটে। শ্রীশ্রী পরমহংস মহাযোগী শ্রীমৎ স্বামী সুরেশ্বরানন্দ পুরী গুরু মহারাজের স্মরণে আয়োজিত এ ধর্মীয় অনুষ্ঠানে গীতাহোমযজ্ঞ, পূজা-অর্চনা ও মহাপ্রসাদ বিতরণ করা হয়। ভক্তরা সীতাদেবী মন্দির ছাড়াও শিবমন্দির ও কালীমন্দিরে দর্শন করে পূর্ণ্যলাভ করেন। গীতাহোমযজ্ঞে পুরোহিত হিসেবে দায়িত্ব পালন করেন মন্দিরের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শ্রীমৎ জ্যোতির্ময়ানন্দ পুরী মহারাজ। গীতা পাঠ করেন গনেশ চন্দ্র দাশ, বিকাশ দাশ, নিবেদন দাশ, জ্যোতি দাশ এবং শ্রীমৎ রবীন্দ্র লাল পুরী মহারাজ। মন্দিরের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শ্রীমৎ জ্যোতির্ময়ানন্দ পুরী মহারাজ ও মন্দির পরিচালনা কমিটির সভাপতি সমলেন্দু বিকাশ দাশ বলেন, শিব চতুর্দশী উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে বিশ্বশান্তি গীতাহোমযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে। তারা জানান, সনাতন ধর্মাবলম্বীদের কাছে এই মন্দিরটি একটি পবিত্র তীর্থস্থান হিসেবে পরিচিত। সারাদিনব্যাপী ধর্মীয় পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজনে ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মন্দির প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।











