ঢাকা | এপ্রিল ১৩, ২০২৬ - ১০:৩৬ অপরাহ্ন

শিরোনাম

কাপ্তাই বিএফআইডিসি মডেল সঃ প্রাঃ বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি

  • আপডেট: Monday, April 13, 2026 - 7:17 pm

 

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি।।
রাঙামাটির কাপ্তাই বিএফআইডিসি সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে সোমবার (১৩ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ২টার পর দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরচক্র গভীর রাতে স্কুলের লোহার জানালা ভেঙে সিসি ক্যামেরা, মনিটর, হার্ডডিস্ক, রাউটার, তবলা, নতুন স্কুল ভবনের কল সেটিংস, বৈদ্যুতিক তার চুরি করে নিয়ে যায়। এ সময় স্কুলের কক্ষের জিনিসপত্র সম্পূর্ণ ভেঙে ফেলে চলে যায়।
বিষয়টি নিশ্চিত করে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পারভীন সুলতানা জানান, বাংলা নববর্ষ ও চৈত্র সংক্রান্তি উপলক্ষে বিদ্যালয় বন্ধ ছিল। তবে পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষার কোচিং করার জন্য আমি আজ সোমবার (১৩ এপ্রিল) বিদ্যালয়ে আসি। এ সময় চাবি খুলে দেখি প্রধান শিক্ষকসহ সহকারী শিক্ষকদের কক্ষে কক্ষের জিনিসপত্র ভাঙা পড়ে আছে। পরে দেখি অন্যান্য জিনিসপত্র নেই। পরে সকল শিক্ষকদের খবর দিই।
তিনি আরও জানান, বিদ্যালয় হতে সরকারি মালামাল চুরি বিষয়ে শিক্ষা অফিসারসহ সকলকে বিষয়টি অবগত করি।
সহকারী শিক্ষক ইসলাম হোসেন জানান, আমরা স্কুলে প্রাথমিক পঞ্চম শ্রেণির বৃত্তি শিক্ষার্থীদের কোচিং করতে এসে দেখি স্কুলে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
নতুন স্কুল ভবন নির্মাণের ঠিকাদারের লোক নাসিম জানান, কাজ করতে এসে দেখি নতুন ভবনের বাথরুমের কল সেটিংসসহ বৈদ্যুতিক তার চুরি করে নিয়ে গেছে।
৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান জানান, আমি বিষয়টি জেনেছি এবং এ বিষয়ে খোঁজখবর নিচ্ছি। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পারভীন সুলতানা জানান, আমরা এ বিষয়ে কাপ্তাই থানাকে অবগত করেছি। থানার লোকজন ঘটনাস্থল পরিদর্শন করে বিহিত ব্যবস্থা নেবে বলে জানান।
কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল জানান, এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষ থানায় সাধারণ ডায়েরি করেছেন। পরবর্তীতে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।