কাপ্তাই ফিলিং স্টেশন : নেই দীর্ঘ সারি, তেল বিতরণে সন্তোষ গ্রাহকদের
ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: নেই দীর্ঘ সারি, তেল বিতরণে সন্তোষ প্রকাশ করেছেন চালক এবং বোট মালিকরা। এই দৃশ্য রাঙামাটির কাপ্তাই উপজেলার নতুনবাজার কাপ্তাই ফিলিং স্টেশনের।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১১টা হতে ১২টা পর্যন্ত এই প্রতিবেদক এই ফিলিং স্টেশনে গিয়ে এই দৃশ্য দেখতে পান।
এসময় পাম্পে তেল নিতে আসা মোটরসাইকেল আরোহী উষা চাকমা, মোঃ ইকবাল হোসেন, মংচাই মারমা, মোঃ আকরাম হোসেন, চাচিং মারমা বলেন, এই পেট্রল পাম্পে তেলের কোনো ঘাটতি নেই, দামও বাড়তি নেই, আমরা তেল পেয়ে খুশি।
ট্রাক চালক দুলাল, আলম এবং আব্দুল্লাহ বলেন, আমরা এই পাম্পে এসে তেল পাচ্ছি, এখানে তেলের কোনো ঘাটতি নেই।
তেল নিতে আসা বোট মালিক মাইনুদ্দীন বলেন, আমিও বোটের জন্য এখানে তেল নিতে এসেছি, ডিজেল পেয়ে আমি খুশি।
এসময় পাম্পে দেখা হয় কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদের সাথে। তিনি বলেন, বিগত ২ সপ্তাহ ধরে আমি প্রতিদিন এখানে এসে তেল বিতরণ কার্যক্রম দেখে যাচ্ছি, এখানে তেলের সংকট নেই, তবে আজকে ডিজেলের একটু সংকট থাকলেও কাল হতে সেই সংকট থাকবে না।
কাপ্তাই ফিলিং স্টেশনের ম্যানেজার এইচ এম ইসমাইল বলেন, আমরা ডিপু হতে তেল পাচ্ছি, তবে রেশনিং পদ্ধতিতে আমরা এখানে তেল বিতরণ করছি। আগামী সপ্তাহে আরও বেশি তেল আসলে সব কিছু স্বাভাবিক হবে।
কাপ্তাই ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার উপজেলা বাজার অনুসন্ধানকারী কর্মকর্তা অভিজিৎ বড়ুয়া বলেন, আমি কাপ্তাই উপজেলা প্রশাসনের পক্ষ হতে এখানে তেল বিতরণ কার্যক্রম মনিটরিং করছি, এখানে তেলের সংকট নেই, রেশনিং পদ্ধতিতে এখানে তেল বিতরণ করা হচ্ছে।











