ঢাকা | মার্চ ৪, ২০২৬ - ৮:২৫ পূর্বাহ্ন

শিরোনাম

কক্সবাজারে টুরিস্ট পুলিশের অভিযানে ছিনতাইকারী গ্রেফতার

  • আপডেট: Wednesday, March 4, 2026 - 5:52 am

নিজস্ব প্রতিবেদক।।

বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতখ্যাত কক্সবাজারে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে চলমান অভিযানের অংশ হিসেবে ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য রবিউলকে গ্রেফতার করেছে বাংলাদেশ টুরিস্ট পুলিশ।

 

টুরিস্ট পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে সৈকতসংলগ্ন এলাকায় টমটম নিয়ে ছিনতাই কালে রবিউল নামে এক ছিনতাইকারীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে পর্যটকদের লক্ষ্য করে সংঘটিত একাধিক ছিনতাই ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

 

কক্সবাজার টুরিস্ট পুলিশ রিজিয়নের প্রধান অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, কক্সবাজারে আগত দেশি-বিদেশি পর্যটকদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। ছিনতাই, চাঁদাবাজি কিংবা পর্যটক হয়রানির সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। ইতোমধ্যে আমরা ধারাবাহিক অভিযান পরিচালনা করছি এবং গোয়েন্দা নজরদারি আরও জোরদার করেছি। অপরাধী যেই হোক, আইনের আওতায় আনা হবে।

 

তিনি আরও বলেন, সৈকত এলাকা, হোটেল-মোটেল জোন এবং গুরুত্বপূর্ণ পর্যটন স্পটগুলোতে নিয়মিত টহল বৃদ্ধি করা হয়েছে। সিসিটিভি মনিটরিং ও সাদা পোশাকে নজরদারি বাড়ানোর ফলে অপরাধ নিয়ন্ত্রণে ইতিবাচক ফল পাওয়া যাচ্ছে।

 

পর্যটকদের প্রতি আহ্বান করে টুরিস্ট পুলিশ বলেন, পর্যটকদের যেকোনো সন্দেহজনক কার্যকলাপ দ্রুত নিকটস্থ পুলিশ সদস্যকে জানানো কিংবা হেল্পলাইন নম্বরে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি নিরাপদ ভ্রমণ নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সহযোগিতা করার অনুরোধ করা হয়েছে।

 

উল্লেখ্য, কক্সবাজার সমুদ্রসৈকতে সম্প্রতি ছিনতাই ও হয়রানি রোধে বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করছে টুরিস্ট পুলিশ। ধারাবাহিক অভিযানের অংশ হিসেবেই রবিউলকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।