ঢাকা | ফেব্রুয়ারী ১৩, ২০২৬ - ১০:১৪ অপরাহ্ন

শিরোনাম

ঐতিহাসিক ব্যবধানে রাঙামাটিতে ধানের শীষের জয়, বিপুল ভোটে বিজয়ী দীপেন দেওয়ান

  • আপডেট: Friday, February 13, 2026 - 7:17 pm

রাঙামাটি প্রতিনিধি।
ভোটারদের ব্যাপক অংশগ্রহণ, শান্তিপূর্ণ পরিবেশ ও উৎসবমুখর আমেজের মধ্য দিয়ে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে রাঙামাটির ২৯৯ নং সংসদীয় আসনে রেকর্ড ব্যবধানে জয় পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান। জেলার রাজনৈতিক অঙ্গনে এ ফলাফল নতুন আলোচনার জন্ম দিয়েছে এবং দলীয় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে।
রাত পৌনে তিনটার দিকে রাঙামাটি জেলা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের রিটার্নিং অফিসার নাজমা আশরাফী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই ফলাফল ঘোষণা করেন।
ধানের শীষ প্রতীকে অ্যাডভোকেট দীপেন দেওয়ান পেয়েছেন ২ লাখ ১ হাজার ৫৪৪ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা ফুটবল প্রতীকে পেয়েছেন ৩১ হাজার ২২২ ভোট। বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুহাম্মদ আবু বক্কর সিদ্দিক রিকশা প্রতীকে পেয়েছেন ২২ হাজার ৭১৫ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জসিম উদ্দিন হাতপাখা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৬৭২ ভোট। জাতীয় পার্টির অশোক তালুকদার লাঙ্গল প্রতীকে পেয়েছেন ২ হাজার ৯৭৪ ভোট। বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জুই চাকমা কোদাল প্রতীকে পেয়েছেন ১ হাজার ৭১ ভোট এবং গণঅধিকার পরিষদ (জিওপি)-এর মো. আবুল বাশার বাদশা ট্রাক প্রতীকে পেয়েছেন ৪৪৯ ভোট।
রিটার্নিং অফিসার চূড়ান্ত ফলাফল পত্রে উল্লেখ করা হয়, একটি পোস্টাল ভোট কেন্দ্রসহ মোট ২১৪টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এসব কেন্দ্রে প্রদত্ত মোট ভোটের সংখ্যা ছিল ২ লাখ ৭৩ হাজার ৭৯৯। এর মধ্যে বৈধ ভোট ২ লাখ ৬৩ হাজার ৬৪৭ এবং বাতিল ভোট ১০ হাজার ১৫২টি।
এদিকে একইসঙ্গে অনুষ্ঠিত গণভোটেও ভোটারদের উল্লেখযোগ্য অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। গণভোটে মোট ভোট পড়েছে ২ লাখ ৭৫ হাজার ৮২টি। এর মধ্যে বৈধ ভোট ২ লাখ ৫১ হাজার ৫০৪ এবং বাতিল ভোট ২৩ হাজার ৫৭৮। গণভোটে “হ্যাঁ” পক্ষে ভোট পড়েছে ৭১ হাজার ৬৯৯ এবং “না” পক্ষে ভোট পড়েছে ১ লাখ ৭৯ হাজার ৮০৫টি।
বিপুল ব্যবধানে জয় লাভ করায় ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের এ বিজয়কে দলীয় নেতাকর্মীরা ‘জনতার স্পষ্ট রায়’ হিসেবে অভিহিত করেছেন। সংশ্লিষ্ট নির্বাচন কর্তৃপক্ষ জানিয়েছে, আনুষ্ঠানিক গেজেট প্রকাশের মাধ্যমে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।