ঢাকা | মার্চ ১৭, ২০২৬ - ৮:৫৪ অপরাহ্ন

শিরোনাম

ঈদের ছুটিতে বাড়ি আসার পথে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

  • আপডেট: Tuesday, March 17, 2026 - 5:38 pm

মো. রিয়াজ (বাউফল) প্রতিনিধি।। ঈদের ছুটিতে পরিবারের কাছে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মো. সৈকত (২৩) নামের এক যুবক  নিহত হয়েছেন। এ ঘটনায় অপর মোটরসাইকেলের চালক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আজ মঙ্গলবার সকাল ৮টা ২০ মিনিটে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের বাকেরগঞ্জ উপজেলার রুহিতারপাড় এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সৈকত পটুয়াখালীর বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়নের মাঝপাড়া গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে। তিনি ঢাকা থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন।

আহত আলাউদ্দিন (৪৫) বরিশালের কাউনিয়া থানার লাকুটিয়া এলাকার মৌজে আলীর ছেলে এবং একটি বেসরকারি উন্নয়ন সংস্থা (ব্র্যাক)-এর কর্মকর্তা বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, সকালে বিপরীতমুখী দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে দুই চালকই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সৈকতকে মৃত ঘোষণা করেন।

আহত আলাউদ্দিনের অবস্থার অবনতি হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম সোহেল রানা জানান, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।