ঢাকা | মার্চ ১৮, ২০২৬ - ১০:১৬ অপরাহ্ন

শিরোনাম

ঈদকে সামনে রেখে পর্যটকদের বরণে প্রস্তুত কাপ্তাই

  • আপডেট: Wednesday, March 18, 2026 - 7:26 pm

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি।। একদিকে কাপ্তাই লেকের নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য, মাঝখানে বহে যাওয়া লুসাই কন্যা কর্ণফুলি নদী আর সীতা পাহাড় এবং রাম পাহাড়ের অপরূপ সৌন্দর্য এই হলো রাঙামাটির কাপ্তাই উপজেলা। কাপ্তাই উপজেলায় রয়েছে বিভিন্ন পর্যটনকেন্দ্র। এবার ঈদে একটানা ৭ দিন ছুটি থাকায় পর্যটন শহর হিসেবে খ্যাত কাপ্তাইয়ে হাজারও পর্যটকের আগমন ঘটবে বলে আশা প্রকাশ করেছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
কাপ্তাইয়ের বিভিন্ন পর্যটন স্পটে গিয়ে দেখা যায়, ঈদকে সামনে রেখে নতুন রূপে সাজানো হচ্ছে পর্যটন স্পটগুলো। কাপ্তাইয়ের জনপ্রিয় পর্যটন কেন্দ্র শিলছড়ি নিসর্গ রিভার ভ্যালি অ্যান্ড পড হাউসে গিয়ে দেখা যায়, এখানে নতুন করে সাজানো হচ্ছে তাদের নিসর্গ রেস্টুরেন্ট। কাপ্তাই নিসর্গ রিভার ভ্যালি অ্যান্ড পড হাউসের ম্যানেজার মিনহাজ উদ্দিন জানান, আমাদের ৯টি নন-এসি পড হাউস, ৫টি এসি পড হাউস এবং ৫টি ডিলাক্স রুম ঈদের দিন হতে আগামী ২৭ মার্চ পর্যন্ত বুকিং রয়েছে। এছাড়া আমাদের খাবার রেস্টুরেন্টে একসাথে ৩ শতাধিক লোক খেতে পারবেন।
ওয়াগ্গা ৪১ বিজিবি পরিচালিত প্যানোরোমা জুম রেস্তোরাঁয় গিয়ে দেখা যায়, এখানেও নান্দনিক রূপে সাজানো হচ্ছে পর্যটন স্পটটি। এসময় ঐ স্পটের দায়িত্বশীল ইনচার্জ জানান, আমরা আশা করছি এই বছর টানা ৭ দিন ঈদের ছুটি থাকায় কাপ্তাইয়ে রেকর্ড পরিমাণ পর্যটক আসবে।
শিলছড়ি বনশ্রী পর্যটন কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী রুবায়েত আক্তার বলেন, কাপ্তাইয়ের প্রতিটি পদে পদে সৌন্দর্য লুকিয়ে আছে। এই বছর ঈদের ছুটিতে কাপ্তাইয়ে হাজার পর্যটকের আগমন ঘটবে। এছাড়া কাপ্তাইয়ের জনপ্রিয় পর্যটন কেন্দ্র লেকভিউ আইল্যান্ড, লেকশোর পর্যটন স্পট, লেক প্যারাডাইস, কাপ্তাই রিভার ভিউ, রাইখ্যং আইল্যান্ড, ফ্লোটিং প্যারাডাইস, চন্দ্রলোক ক্যাম্পিং সাইট, পাহাড়িকা পিকনিক স্পটসহ বিভিন্ন পর্যটন কেন্দ্র পর্যটকদের বরণে নানা প্রস্তুতি হাতে নিয়েছেন।
কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, ঈদের ছুটিতে কাপ্তাইয়ে হাজারও পর্যটকের আগমন ঘটবে। তাই পর্যটকরা যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে সেইজন্য থানা পুলিশের টহল দল সবসময় মাঠে কাজ করবে।