ঢাকা | মার্চ ১৯, ২০২৬ - ১:৪৯ অপরাহ্ন

শিরোনাম

ঈদ যাত্রায় রেল-সড়ক-নৌপথে দুর্ঘটনায় নিহত ১৩, আহত শতাধিক

  • আপডেট: Thursday, March 19, 2026 - 10:59 am

ডেস্ক রিপোর্ট।। ঈদে ঘরমুখো যাত্রীদের নিয়ে ঢাকা থেকে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি বগুড়ার সান্তাহারে লাইনচ্যুত হয়েছে। এতে উত্তরবঙ্গের রেল যোগাযোগে বড় ধরনের বিঘ্ন ঘটেছে। তাৎক্ষণিক ঢাকার সঙ্গে অন্তত পাঁচ জেলার ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। গতকাল বুধবার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনায় শতাধিক যাত্রী আহত হন। এ ঘটনা তদন্তে পশ্চিমাঞ্চল রেলওয়ে তিন সদস্যের কমিটি গঠন করেছে। প্রাথমিকভাবে রেললাইনের ত্রুটি ও বিপৎসংকেত অমান্য করাকে সম্ভাব্য কারণ হিসেবে দেখা হচ্ছে।

একই দিনে দেশের ৯ জেলায় সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছেন। রাজধানীর সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে এক যুবক নিহত হওয়ার ঘটনাও ঘটেছে। ঈদযাত্রা শুরুর পরপরই এমন একাধিক দুর্ঘটনায় ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার জংশনের ছাতনী গ্রামের বাগবাড়ি এলাকায় নীলসাগর এক্সপ্রেসের ৯টি বগি লাইনচ্যুত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্টেশনে প্রবেশের আগে ট্রেনটি হঠাৎ দুলতে শুরু করে। মুহূর্তেই বিকট শব্দে একের পর এক বগি লাইনচ্যুত হয়ে পড়ে এবং কয়েকটি পাশের জমিতে কাত হয়ে যায়। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দিনাজপুরগামী যাত্রী মিনহাজ বলেন, ‘প্রথমে মনে হচ্ছিল, ট্রেনটি ব্রেক করছে। পরে হঠাৎ জোরে ধাক্কা লাগে। দেখি বগি কাত হয়ে গেছে; মানুষ চিৎকার করছে।’

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে এগিয়ে আসেন। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা যোগ দেন। ঘটনাস্থল থেকে ৪৭ জনকে উদ্ধার করা হয়েছে। বিভিন্ন হাসপাতালে ভর্তি আহতের সংখ্যা শতাধিক ছাড়িয়েছে। তবে সর্বশেষ খবর পর্যন্ত কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।
আহতদের নওগাঁ সদর হাসপাতাল, আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। নওগাঁ সদর হাসপাতালের সুপারিনটেনডেন্ট আখতারুজ্জামান জানান, প্রায় ৮০ জন চিকিৎসা নিতে এসেছিলেন।

যাত্রীদের দুর্ভোগ
দুর্ঘটনার পর সান্তাহার হয়ে চলাচলকারী গুরুত্বপূর্ণ রেলরুট বন্ধ হয়ে যায়। এতে নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও জয়পুরহাটের সঙ্গে ঢাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়। ঈদ সামনে থাকায় যাত্রীর চাপ বেশি থাকায় দুর্ভোগ বেড়ে যায়। অনেক যাত্রী ঘণ্টার পর ঘণ্টা আটকা পড়েন। কেউ বিকল্প পরিবহনের খোঁজে ছোটাছুটি করেন, আবার কেউ পরিবারসহ অনিশ্চয়তায় অপেক্ষা করেন।

সালমা বেগম নামে এক যাত্রী বলেন, বাচ্চাকে নিয়ে অনেকক্ষণ বসে আছি। কখন ট্রেন ছাড়বে, কেউ বলতে পারছে না।

দুর্ঘটনার কারণ নিয়ে ভিন্ন তথ্য
দুর্ঘটনার কারণ নিয়ে তাৎক্ষণিক বিভিন্ন ধরনের তথ্য সামনে এসেছে। স্টেশন মাস্টার খাদিজা খাতুন জানান, রেললাইনের ত্রুটির কারণেই ট্রেনটি লাইনচ্যুত হতে পারে। অন্যদিকে স্থানীয়দের দাবি, লাইনম্যান আগেই বিপৎসংকেত দিয়েছিলেন, কিন্তু তা মানা হয়নি।

রেলওয়ের একাধিক সূত্র বলছে, পুরোনো রেললাইন, রক্ষণাবেক্ষণের ঘাটতি এবং অতিরিক্ত ট্রেন চলাচলের চাপ দীর্ঘদিন ধরে এ রুটকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে।
দুর্ঘটনার কারণ নিয়ে বিভিন্ন ধরনের তথ্য সামনে এসেছে।

সান্তাহার রেলস্টেশন মাস্টার খাদিজা খাতুন জানিয়েছেন, দুর্ঘটনাস্থলের রেললাইনে আগে থেকেই ত্রুটি ছিল। সেই ত্রুটির কারণেই ট্রেনটি লাইনচ্যুত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

রেলওয়ে খালাসির ওয়েম্যান সোহেল রানা জানান, দুর্ঘটনা এলাকায় রেললাইনের কিছু অংশ ভাঙা থাকায় কিছু দূরে লাল পতাকা দিয়ে আমরা ওই স্থানে সংস্কার কাজ করছিলাম। কাজ করার সময় রেললাইনে কাপড় পেঁচিয়ে কয়েকটি ট্রেন ধীরগতিতে পারাপারও করা হয়েছে। তবে নীলসাগর ট্রেনের চালক তা অমান্য করে দ্রুত পার হওয়ার সময় বগিগুলো লাইনচ্যুত হয়।

তবে অভিযোগ অস্বীকার করে নীলসাগর ট্রেনের চালক মাহবুবর রহমান বলেন, আমি বিষয়টি বুঝতে পারিনি। অসাবধানতাবশত এ দুর্ঘটনা ঘটেছে। এতে আমার কোনো দোষ নেই।

রেল চলাচল স্বাভাবিক হতে সময় লাগবে
দুর্ঘটনার কিছুক্ষণের মধ্যেই রেলওয়ের উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে। লাইনচ্যুত বগিগুলো সরিয়ে নেওয়া এবং ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের কাজ শুরু হয়েছে। উদ্ধার কাজে রেলওয়ে কর্মীদের পাশাপাশি ফায়ার সার্ভিস সদস্য ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন। কর্মকর্তারা জানান, একটি লাইন দ্রুত সচল করার চেষ্টা চলছে। পুরো রুট স্বাভাবিক হতে সময় লাগবে।

মাঝরাতের দিকে সীমিতভাবে স্বাভাবিক হলেও আজ বৃহস্পতিবার ট্রেন ছাড়তে বিলম্ব হতে পারে। সান্তাহার রেলওয়ে স্টেশন মাস্টার খাদিজা খাতুন জানান, দুর্ঘটনার কারণে ট্রেন চলাচলে তাৎক্ষণিক বড় প্রভাব না পড়লেও আগামীকাল (বৃহস্পতিবার) থেকে সময়সূচিতে বিঘ্ন ঘটতে পারে।

তিনি বলেন, ‘যেসব ট্রেন রাতে বা ভোরে ঢাকায় পৌঁছানোর কথা, সেগুলো দেরিতে আসতে পারে। একই কারণে আগামীকাল ওই রুটে ট্রেন ছাড়তেও বিলম্ব হতে পারে।’
এদিকে দুর্ঘটনার পরপরই পশ্চিমাঞ্চল রেলওয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে প্রকৃত কারণ নির্ণয়ের নির্দেশ দেওয়া হয়েছে।

কমিটির সদস্য ও বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী আহমেদ হোসেন মাসুম জানান, কমিটিতে রেলওয়ের চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, চিফ সিগন্যাল ইঞ্জিনিয়ার এবং চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট রয়েছেন। কমিটিকে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ণয় এবং দায়ীদের চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে, সিগন্যাল নিয়ে ভুল বোঝাবুঝি হয়ে থাকতে পারে। লোকোমাস্টার হয়তো সিগন্যাল পাননি অথবা প্রোপারলি ফলো করেননি। তদন্ত শেষে প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

উদ্ধারকাজ বিষয়ে আহমেদ হোসেন মাসুম জানান, পাবনার ঈশ্বরদী ও দিনাজপুরের পার্বতীপুর থেকে দুটি রিলিফ ট্রেন এসে পুরোদমে উদ্ধারকাজ শুরু করেছে।
বগুড়া রেলওয়ে স্টেশনের মাস্টার সাজেদুর রহমান জানান, ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক হতে ১০ থেকে ১২ ঘণ্টা সময় লাগতে পারে।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বগুড়া জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ। বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে সর্বাত্মক চিকিৎসাসেবা দেওয়ার আহ্বান জানান।

সহকারী স্টেশন মাস্টার বরখাস্ত
নীলসাগর এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার পর সান্তাহারের সহকারী স্টেশন মাস্টার শহিদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দায়িত্বে অবহেলার অভিযোগে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সান্তাহার স্টেশন ম্যানেজার খাদিজা খানম।

দুর্ভোগ এড়াতে ব্যবস্থা নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমান সান্তাহারে ট্রেন দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি কমানো ও দুর্ভোগ এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। বুধবার সন্ধ্যায় বগুড়ার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে কথা বলে সেখানকার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন তিনি। এ সময় বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় বেঁচে যাওয়া দেড় বছরের শিশুটির দায়িত্ব নেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী। আহত শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে নেওয়া হয়েছে।

সদরঘাটে দুই লঞ্চের চাপায় যুবক নিহত
রাজধানীর সদরঘাটে দুই লঞ্চের চাপায় ইঞ্জিনচালিত নৌকার এক যাত্রী নিহত হয়েছেন। বুধবার বিকেল সাড়ে ৫টায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পানিতে পড়ে দুইজন নিখোঁজ রয়েছেন।

নিহত সোহেল ফকির (২৮) বরিশালের মেহেন্দীগঞ্জের বাসিন্দা। স্ত্রী রুবাকে নিয়ে তিনি বাড়ি ফেরার উদ্দেশ্যে লঞ্চে উঠছিলেন। রুবাও গুরুতর আহত হয়েছেন। তাঁকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিখোঁজ দুইজনের মধ্যে একজন ওই এলাকার মিরাজ ফকির। বাকি একজনের নাম-পরিচয় জানা যায়নি। এই ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, ‘আসা যাওয়া-৫’ নামে একটি লঞ্চ সদরঘাট থেকে যাত্রী নিয়ে বের হচ্ছিল। এ সময় নৌকা পাশে ভিড়িয়ে ওই লঞ্চে যাত্রী উঠছিল। তখন ‘জাকির সম্রাট-৩’ নামে একটি লঞ্চ পেছন থেকে ধাক্কা দিলে দুই লঞ্চের মধ্যে পড়ে নৌকাটি। এতে নৌকার কয়েকজন যাত্রীকে পানিতে পড়ে যেতে দেখা যায়।

ফায়ার সার্ভিস সদরদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, লোকমুখে দুজন পানিতে নিখোঁজ থাকার খবর পাওয়া গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছেন।

এদিকে দেশের ৯ জেলায় সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছেন। গতকাল বুধবার ও গত মঙ্গলবার রাতে এসব দুর্ঘটনা ঘটে।

বগুড়ায় সড়কে প্রাণ গেল ভাইবোনসহ তিনজনের
বগুড়ার শেরপুরে ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস উল্টে ভাইবোনসহ তিনজন নিহত হয়েছেন। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ছোনকা বাজার এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– রংপুরের কাউনিয়া উপজেলার তালুক শাহাবাজ গ্রামের মমিনুল ইসলাম (৫৫) ও তাঁর বোন শিউলি বেগম (৪৫) এবং কিশোরী মোছা. তায়েবা (১৫)। সে একই এলাকার শহিদুল ইসলামের মেয়ে।

রাজশাহীতে ডাম্প ট্রাকচাপায় বাবা-ছেলে নিহত
রাজশাহীর পুঠিয়ায় বালুবাহী ডাম্প ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী ৫ বছরের শিশুসহ তার বাবা নিহত হয়েছেন। গতকাল উপজেলার বানেশ্বর বাজার কলাহাটায় রাজশাহী-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত কাওসার হোসেন (২৬) চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের মৌগাছি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।

পটিয়ায় দুই বাসের সংঘর্ষে একজন নিহত
চট্টগ্রামের পটিয়ায় মার্সা ও ঈগল পরিবহনের দুই বাসের সংঘর্ষে এক যাত্রী নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন। গতকাল সকাল ১০টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পটিয়ার জলুয়ারদিঘী পাড় এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৯ জনকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে বাঁশি মোহন দাশ (৫০) নামে ঈগল পরিবহনের এক যাত্রীকে মৃত ঘোষণা করা হয়। গুরুতর আহত চারজনকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

ফরিদপুরে পিকআপের নিয়ন্ত্রণ হারিয়ে ব্যবসায়ী নিহত
ফরিদপুর সদর উপজেলায় পিকআপের নিয়ন্ত্রণ হারিয়ে ইউসুফ আলী শেখ (৪৫) নামে এক তরমুজ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গতকাল সকাল ৭টার দিকে ফরিদপুর-ঢাকা-মাগুরা মহাসড়কে শিবরামপুরের চন্ডিপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইউসুফ আলী শেখ রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর এলাকার জবেদ আলী শেখের ছেলে। তিনি মৌসুমি ফলের ব্যবসায়ী ছিলেন।

ফুলবাড়ীতে বাসচাপায় পথচারী নিহত
দিনাজপুরের ফুলবাড়ীতে বাসচাপায় আব্দুল গণি সরকার নামে পথচারী নিহত হয়েছেন। গতকাল দুপুর ১২টার সময় পৌর এলাকার বারোকোনা এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল গণি সরকার পৌর এলাকার বারোকোনা গ্রামের বাসিন্দা।

খালিয়াজুরীতে মোটরসাইকেল আরোহী নিহত
নেত্রকোনার খালিয়াজুরীতে সড়ক দুর্ঘটনায় জাকি দাস নামে একজন নিহত হয়েছেন। গতকাল লক্ষ্মীপুর গ্রামের রাস্তায় খালিয়াজুরী বাজার ঘাটের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাকি দাস পার্শ্ববর্তী সুনামগঞ্জের বাজারকান্দি গ্রামের নগেন্দ্র দাসের স্ত্রী।

ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি চালক নিহত
ব্রাহ্মণবাড়িয়ায় কাভার্ড ভ্যানচাপায় আশিক মিয়া নামে অটোরিকশার চালক নিহত হয়েছেন। গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে সদর উপজেলার মালিহাতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আশিক মিয়া সদর উপজেলার বুধল ইউনিয়নের মালিহাতা পশ্চিমপাড়ার ইরা মিয়ার ছেলে।

মির্জাপুরে কাঠ ব্যবসায়ী নিহত
টাঙ্গাইলের মির্জাপুরে প্রাইভেটকার চাপায় ফারুক হোসেন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বিকেল ৪টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দেওহাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফারুক হোসেন মির্জাপুর উপজেলার রশিদ দেওহাটা গ্রামের রাজ্জাক হোসেনের ছেলে।

এদিকে মেহেরপুর গাংনীতে মোটরসাইকেলের ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল ভোরে গাংনী-মেহেরপুর সড়কের পোড়াপাড়া বাজারে এ ঘটনা ঘটে।