ঈদ উপলক্ষে নৌপথে কোস্ট গার্ডের নিরাপত্তা জোরদার
মোংলা, বাগেরহাট প্রতিনিধি।। আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর-২০২৬ উপলক্ষে নৌপথে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন। উপকূলীয় ও নদী তীরবর্তী গুরুত্বপূর্ণ ঘাটগুলোতে ২৪ ঘণ্টা টহল, তল্লাশি ও জনসচেতনতামূলক কার্যক্রম চলমান রয়েছে।
আজ শনিবার (১৪ মার্চ ২০২৬) দুপুরে কোস্ট গার্ড পশ্চিম জোন মামার ঘাট, ফেরি ঘাট,যাত্রী পারাপারের ঘাট, বাস স্ট্যান্ডসহ মোংলার বিভিন্ন স্থানে তল্লাশি ও জনসচেতনতামূলক মাইকিং ও লিফলেট বিতরণ করতে দেখা যায়।
জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক বিবৃতিতে বলেন, “প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধ, নৌপথের নিরাপত্তা ও জনসাধারণের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে নিয়মিত টহল, যৌথ অভিযান ও সাঁড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে। ঈদ উপলক্ষে খুলনার রূপসা, কয়রা, নলিয়ান; বাগেরহাটের মোংলা, শরণখোলা এবং সাতক্ষীরার কৈখালীসহ গুরুত্বপূর্ণ লঞ্চ, খেয়া ও ফেরি ঘাটগুলোতে নিম্নোক্ত নিরাপত্তামূলক কার্যক্রম চালু রয়েছে:
বিশেষ টহল ও নজরদারি
জনসচেতনতামূলক মাইকিং ও লিফলেট বিতরণ সন্দেহজনক ব্যক্তি ও নৌযানের তল্লাশি যাত্রীদের ব্যাগ ও মালামাল স্ক্যান নাশকতা প্রতিরোধে সতর্ক অবস্থান লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, “দুষ্কৃতিকারীরা যাতে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড চালাতে না পারে, সেজন্য কোস্ট গার্ডের প্রতিটি সদস্য সদা তৎপর রয়েছে। এর ফলে ঈদযাত্রায় নৌপথ ব্যবহারকারী যাত্রীদের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন থাকবে বলে আমরা আশাবাদী।
তিনি জানান, এসব নিরাপত্তা কার্যক্রম দিন-রাত ২৪ ঘণ্টা অব্যাহত থাকবে। ঈদ-উল-ফিতরের পরেও যাত্রীদের নিরাপদ নৌযাত্রা নিশ্চিত করতে এ কার্যক্রম অব্যাহত রাখা হবে।











