ঢাকা | মার্চ ২৩, ২০২৬ - ৬:৪৪ অপরাহ্ন

শিরোনাম

ইসরায়েলজুড়ে ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা

  • আপডেট: Monday, March 23, 2026 - 3:39 pm

আর্ন্তজাতিক ডেস্ক।। ইসরায়েলের বিভিন্ন এলাকায় ইরানের তীব্র ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। রাজধানী জেরুজালেম, তেল আবিবসহ মধ্য ও দক্ষিণ ইসরায়েলের একাধিক এলাকায় জরুরি সতর্ক সংকেত জারি করা হয়েছে।

সোমবার (২৩ মার্চ) হামলার সময় আকাশে ইন্টারসেপ্টর বা ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থার আলোর ঝলকানি দেখা যায়, যা তেল আবিবের আকাশজুড়ে দৃশ্যমান ছিল। কর্তৃপক্ষ সম্ভাব্য হামলার ঝুঁকিতে সাধারণ মানুষকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেয়।

দেশটির বিভিন্ন স্থান থেকে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এ হামলায় ‘ক্লাস্টার’ বা গুচ্ছ-বোমা ব্যবহার করা হয়েছে, যা বিস্ফোরণের পর অসংখ্য ছোট বোমায় ছড়িয়ে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটাতে পারে। ইতোমধ্যে অন্তত আটটি স্থানে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ বা বিস্ফোরক পড়ে ক্ষতির খবর পাওয়া গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে হামলার পর ক্ষতিগ্রস্ত এলাকার চিত্র দেখা গেছে, যদিও এসব ভিডিওর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এর আগে উত্তর ইসরায়েলের বেশ কিছু এলাকায় সতর্ক সাইরেন বাজানো হলেও পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে তা তুলে নেওয়া হয়। সেখানকার বাসিন্দাদের শেল্টার থেকে বেরিয়ে আসার অনুমতিও দেওয়া হয়েছে।

গত রোববার থেকে শুরু হওয়া এই হামলার ধারা এখনো অব্যাহত রয়েছে। বিশেষ করে উত্তর ইসরায়েল বর্তমানে শুধু ইরানের ক্ষেপণাস্ত্র হামলাই নয়, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর আক্রমণেরও ঝুঁকিতে রয়েছে।

পরিস্থিতি ঘিরে পুরো অঞ্চলে চরম উত্তেজনা বিরাজ করছে।

সূত্র: আল–জাজিরা