ঢাকা | জুন ১০, ২০২৬ - ২:৩৪ অপরাহ্ন

শিরোনাম

আলভারেজের জন্য রিয়ালের ১৫০ মিলিয়নের প্রস্তাব ফেরাল আতলেতিকো

  • আপডেট: Wednesday, June 10, 2026 - 11:00 am

স্পোর্টস ডেস্ক।। ফুটবল বিশ্বে দলবদলের বাজারে হুলিয়ান আলভারেজকে নিয়ে আলোচনা যেন থামছেই না। আতলেতিকো মাদ্রিদের এই আর্জেন্টাইন তারকাকে কিনতে ১০০ মিলিয়ন প্রস্তাব দিয়েছিল বার্সেলোনা। এবার সেই লড়াইয়ে চমকে দিয়ে যোগ দিয়েছিল রিয়াল মাদ্রিদ। আলভারেজকে দলে পেতে লস ব্ল্যাঙ্কোসরা ১৫০ মিলিয়ন ইউরোর মেগা অফার পাঠিয়েছিল। তবে বার্সার মতো রিয়ালের এই বিশাল অঙ্কের প্রস্তাবও ফিরিয়ে দিয়েছে আতলেতিকো মাদ্রিদ।

বিষয়টি এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। বিবৃতিতে রিয়াল জানিয়েছে, ‘বোর্ডের মিটিং শেষে হুলিয়ান আলভারেজের জন্য আতলেতিকো মাদ্রিদকে ১৫০ মিলিয়ন ইউরোর একটি আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হয়েছিল। আতলেতিকো এই প্রস্তাবের জন্য ধন্যবাদ জানিয়েছে, কিন্তু তা প্রত্যাখ্যান করে খেলোয়াড়ের রিলিজ ক্লজের কথা মনে করিয়ে দিয়েছে।‘

টাকার অঙ্কটা আতলেতিকোর ইতিহাসের জন্য রেকর্ড হলেও তারা আলভারেজকে নিয়ে কোনো দরকষাকষিতে যেতে রাজি নয়। ক্লাবটি সাফ জানিয়ে দিয়েছে, আলভারেজকে নিতে হলে তাঁর ৫০০ মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজ পুরোটা দিতে হবে, যা রিয়ালের পক্ষে দেওয়া অসম্ভব বলা যায়।

সোমবার পুনরায় রিয়ালের সভাপতি নির্বাচিত হন ফ্লোরেন্তিনো পেরেজ। প্রচারণায় তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, পুনরায় সভাপতি হলে এবারের গ্রীষ্মে একজন গ্যালাকটিকো ফুটবলারকে দলে আনবেন যার পেছনে খরচ হতে পারে অন্তত ১৫০ মিলিয়ন ইউরো। পেরেজ নির্বাচিত হওয়ার একদিন পরই আলভারাজকে কেনার প্রস্তাব দেওয়ার কথা জানাল রিয়াল।

২০২৫-২৬ মৌসুমে আতলেতিকোর হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২০ গোল করেছেন আলভারেজ। ২০৩০ সাল পর্যন্ত ক্লাবটির সঙ্গে চুক্তি আছে তাঁর।