ঢাকা | এপ্রিল ৫, ২০২৬ - ১০:৪৯ অপরাহ্ন

শিরোনাম

আমরা কাজ শুরু করেছি, টিকার ঘাটতি হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

  • আপডেট: Sunday, April 5, 2026 - 11:47 am

গাজীপুর প্রতিনিধি।। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেছেন, দেশের সব শিশুকে টিকার আওতায় আনতে পারলে আমরা নিরাপদ থাকব। আমাদের দেশের শিশুরা সুস্থ ও নিরাপদ থাকবে। আমরা দায়িত্ব নিয়ে কাজ শুরু করেছি। ইনশাআল্লাহ টিকার কোনো রকম ঘাটতি হবে না। টিকাদান কর্মসূচিতে বিশ্বের কয়েকটি স্বাস্থ্য সংস্থা সহযোগিতা করছে।

আজ রোববার (৫ এপ্রিল) সকালে গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। আজ থেকে শুরু করে ২ মে পর্যন্ত গাজীপুর জেলায় ২৮ হাজার শিশুকে টিকাদানের আওতায় আনা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জরুল করিম রনি, গাজীপুর জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়া, পুলিশ সুপার শরিফ উদ্দীন, জাতিসংঘের জরুরি শিশু তহবিল ইউনিসেফের প্রতিনিধিসহ বিশ্বের কয়েকটি স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা।