ঢাকা | এপ্রিল ৫, ২০২৬ - ১:১০ পূর্বাহ্ন

আফগানিস্তানে ভূমিকম্পে একই পরিবারের আটজন নিহত

  • আপডেট: Saturday, April 4, 2026 - 8:27 pm

আন্তর্জাতিক ডেস্ক।। আফগানিস্তানের কাবুল প্রদেশের গসফন্দ দারা এলাকায় একটি ভূমিকম্পে একটি বাড়ি ধসে পড়ে একই পরিবারের আটজন সদস্য নিহত হয়েছেন।

শনিবার (০৪ এপ্রিল) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শরাফাত জামান জানান, প্রায় দুই বছর বয়সী একটি শিশু একমাত্র জীবিত উদ্ধার হয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, শিশুটি আহত হয়েছে।

শুক্রবার স্থানীয় সময় রাত ৮টা ৪২ মিনিটে ৫ দশমিক ৮ মাত্রার এই ভূমিকম্পটি আঘাত হানে, যার গভীরতা ছিল প্রায় ১৮৬ কিলোমিটার।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল উত্তর-পূর্বাঞ্চলের বাদাখশান প্রদেশে।

দেশটির রাজধানী কাবুল ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে প্রায় ২৯০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।

কেন্দ্রস্থলের কাছাকাছি এলাকায় তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। প্রদেশটি দুর্গম হওয়ায় সেখানকার তথ্য রাজধানীতে পৌঁছাতে প্রায়ই কয়েক ঘণ্টা সময় লাগে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কাবুলসহ আফগানিস্তানের বিভিন্ন এলাকায় এবং ভারতের রাজধানী নয়াদিল্লিতে শক্তিশালী কম্পন অনুভূত হয়।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদসহ পেশোয়ার, চিত্রাল, সোয়াত এবং শাংলা এলাকাতেও ভূমিকম্পটি অনুভূত হয়েছে। তবে সেখানেও এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সূত্র: আল-জাজিরা