আপিল বিভাগে সুখবর পেলেন বিএনপির ৩ প্রার্থী
আদালত প্রতিবেদক।। বিএনপির ৩ প্রার্থীর ধানের শীষ প্রতীকে ভোট করতে কোনো বাধা নেই বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ বিষয়ে আদেশ দেন।
আদেশে বলা হয়, চট্টগ্রাম-৪ আসনের আসলাম চৌধুরী, চট্টগ্রাম-২ আসনের সারোয়ার আলমগীর, শেরপুর-২ আসনে বিএনপি প্রার্থী ফাহিম চৌধুরীর নির্বাচনে অংশ করতে বাধা নেই।
তবে চলমান আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই আসনের ফলাফলের চূড়ান্ত প্রকাশ স্থগিত থাকবে বলে আদেশে বলা হয়েছে।
জানা গেছে, চট্টগ্রাম-৪ আসনে আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণার বিরুদ্ধে যমুনা ব্যাংকের করা আবেদনের ওপর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এ আদেশ দেন। এর আগে গত ১ ফেব্রুয়ারি আসলাম চৌধুরীর মনোনয়নপত্র নির্বাচন কমিশনের (ইসি) বৈধ ঘোষণার বিরুদ্ধে আপিল আবেদনের ওপর শুনানি হয়।
চট্টগ্রাম-২ আসনে (ফটিকছড়ি) বিএনপি মনোনীত প্রার্থী সারোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিলের আদেশ স্থগিত করে আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। আপিল বিভাগ সেই আদেশ স্থগিত করে তাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন।
গত ১৮ জানুয়ারি নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে প্রার্থিতা বাতিলের রায় দেয় ইসি। সারোয়ার আলমগীর রিটার্নিং কর্মকর্তার কাছে বৈধ হওয়ার পর তার বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগে আপিল দায়ের করা হয়েছিল।
জামায়াতের প্রার্থী মো. নুরুল আমীন অভিযোগটি দায়ের করেছিলেন। শুনানি শেষে তার প্রার্থিতা বাতিল করে কমিশন। এরপর তিনি প্রার্থিতা ফিরে পেতে উচ্চ আদালতে আসেন।
এছাড়া বাংলাদেশের পাশাপাশি অস্ট্রেলিয়ার নাগরিকত্ব থাকার অভিযোগে শেরপুর-২ আসনের ফাহিম চৌধুরীর মনোনয়নপত্র বাতিল করে জেলা রিটার্নিং কর্মকর্তা।











