ঢাকা | জুলাই ৯, ২০২৬ - ২:২৭ অপরাহ্ন

শিরোনাম

অস্ত্র-গুলিসহ আত্নসমর্পণ করল বড় জাহাঙ্গীর বাহিনীর তিন সদস্য

  • আপডেট: Thursday, July 9, 2026 - 12:41 pm

মোংলা প্রতিনিধি।। অস্ত্র ও গুলি জমা দিয়ে সুন্দরবনের দুর্ধর্ষ বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনীর তিন সদস্য কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করেছেন। আজ বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে মোংলার কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে দস্যুরা আত্মসমর্পণ করেন।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা (ঢাকা) লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, বৃহস্পতিবার সকালে মোংলায় কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরে বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনীর তিন সদস্য অস্ত্র ও গুলিসহ কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করেছেন। এ সময় দস্যুরা তাদের কাছে থাকা ২ টি দেশীয় একনালা বন্দুক, ১ টি দেশীয় পাইপগান, ৪০ রাউন্ড তাঁজা গুলি ও ১টি ওয়াকিটকি কোস্ট গার্ডের কাছে জমা দেন। এছাড়া এই দস্যু বাহিনীর কাছি জিম্মি থাকা ১ জেলেকে উদ্ধার করা হয়।

আত্মসমর্পণকারী দস্যু মো. আলামিন হোসেনের (৪০) বাড়ী মোংলায় ও তৈবুর রহমানের (২৪) বাড়ী সাতক্ষীরায় এবং মনিরুজ্জামান মামুনের (২০) খুলনায়। বড় জাহাঙ্গীর বাহিনীর সদস্য হিসেবে তারা দীর্ঘদিন ধরে সুন্দরবনের সাধারণ জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায় করে আসছিল।

জব্দকৃত অস্ত্র, গুলি ও আত্মসমর্পণকারী দস্যুদের পুনর্বাসনের ব্যবস্থাসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং উদ্ধারকৃত জেলেকে তার পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এর আগে গত ২১ মে সুন্দরবনের দুর্ধর্ষ বনদস্যু সুমন বাহিনী প্রধান সুমনসহ ৭ দস্যু ৫টি অস্ত্র ও ২৫ রাউন্ড গুলি নিয়ে কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করেন।

উল্লেখ্য, চলতি বছরের ১২ ফেব্রুয়ারী থেকে এ পর্যন্ত ৪৯ টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ৩১৬ রাউন্ড তাঁজা গুলি, ১০৮ রাউন্ড ফাঁকা গুলি, ১৯৪ রাউন্ড এয়ারগান গুলি ও ২টি ওয়াকি-টকি উদ্ধারসহ ৪২ জন বনদস্যুকে আটক করা হয়েছে। এ সময় দস্যুদের কাছে জিম্মি থাকা ৪১ জনকে জীবিত উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদাণ শেষে নিরাপদে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এছাড়াও সুন্দরবনের দুর্ধর্ষ বনদস্যু ছোট সুমন বাহিনী প্রধানসহ ৭ জন দস্যু অস্ত্র ও গুলিসহ কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করেন।