অস্ট্রেলিয়ার ইতিহাসে প্রথম নারী সেনাপ্রধান হলেন লেফটেন্যান্ট জেনারেল সুসান কয়েল
আন্তর্জাতিক ডেস্ক।। অস্ট্রেলিয়ার ইতিহাসে প্রথমবারের মতো নারী সেনাবাহিনী প্রধান নিয়োগ দেওয়া হয়েছে। দেশটির প্রতিরক্ষা বাহিনীতে এই সিদ্ধান্তকে একটি যুগান্তকারী পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।
দ্য গার্ডিয়ান জানিয়েছে, বর্তমানে চিফ অব জয়েন্ট ক্যাপাবিলিটিজ হিসেবে দায়িত্ব পালনরত লেফটেন্যান্ট জেনারেল সুসান কয়েল আগামী জুলাই মাসে অস্ট্রেলিয়ান সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। তিনি বর্তমান সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল সাইমন স্টুয়ার্টের স্থলাভিষিক্ত হবেন।
অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনীর ১২৫ বছরের ইতিহাসে এটি একটি যুগান্তকারী পরিবর্তন হলেও বিশ্বের অন্যান্য দেশে ইতিপূর্বেও নারী সেনা বা প্রতিরক্ষা প্রধান নিযুক্ত হয়েছেন। এই নিয়োগকে ঐতিহাসিক বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ।
৫৫ বছর বয়সী সুসান কয়েল ১৯৮৭ সালে সেনাবাহিনীতে যোগ দেন। দীর্ঘ কর্মজীবনে তিনি একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে ধাপে ধাপে শীর্ষ নেতৃত্বে পৌঁছান। বর্তমানে অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্সে নারীদের অংশগ্রহণ প্রায় ২১ শতাংশ এবং উচ্চপর্যায়ের নেতৃত্বে তাদের উপস্থিতি ১৮ দশমিক ৫ শতাংশ। দেশটির সরকার ২০৩০ সালের মধ্যে এই হার ২৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নেওয়া হয়েছে।











