অসহায় মানুষের পাশে বান্দরবান সেনা রিজিয়ন
বান্দরবান প্রতিনিধি।। পবিত্র মাহে রমজান-২০২৬ উপলক্ষে বান্দরবানে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার ও সেহেরি সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি ২০২৬) বান্দরবান সেনা রিজিয়ন-এর উদ্যোগে এ মানবিক কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
কর্মসূচির আওতায় জেলার ১০০টি অসহায় ও দুস্থ মুসলিম পরিবার এবং ৬টি মাদ্রাসা ও এতিমখানার মাঝে প্রয়োজনীয় ইফতার ও সেহেরি সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল ছোলা, মুড়ি, খেজুর, চিনি, সয়াবিন তেল, পেঁয়াজ, মশুর ডাল, আলু ও চাল।
অনুষ্ঠানে রিজিয়নের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় দেশের যেকোনো দুর্যোগ ও মানবিক সংকটে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সামগ্রী নিতে আসা সদর উপজেলার বাসিন্দা বলেন, “রোজার সময় নিত্যপণ্যের দাম বাড়ায় আমাদের মতো নিম্নআয়ের মানুষের জন্য সংসার চালানো কঠিন হয়ে পড়ে। সেনাবাহিনীর এই সহায়তা আমাদের অনেক উপকারে আসবে।”
একটি স্থানীয় মাদ্রাসার শিক্ষক জানান, “এতিম শিক্ষার্থীদের জন্য নিয়মিত খাবারের ব্যবস্থা করা আমাদের জন্য চ্যালেঞ্জ। সেনাবাহিনীর এই সহযোগিতা তাদের জন্য বড় সহায়তা হয়ে থাকবে।”
স্থানীয়রা সেনাবাহিনীর এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের মানবিক কার্যক্রম সমাজে সহমর্মিতা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়।











