অভ্যন্তরীণ বিমানে টাকা বহনে বাধা নেই: সৈয়দপুর বিমানবন্দর কর্তৃপক্ষ
নিজস্ব প্রতিবেদক।। অভ্যন্তরীণ রুটে বিমানে অর্থ পরিবহনে কোনো বিধিনিষেধ নেই বলে জানিয়েছেন সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক (সহকারী পরিচালক-এটিএম) এ কে এম বাহাউদ্দিন জাকারিয়া। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে মুঠোফোনে তিনি একটি গণমাধ্যমকে এ কথা জানান।
এ কে এম বাহাউদ্দিন জাকারিয়া বলেন, অভ্যন্তরীণ রুটে বিমানে অর্থ পরিবহনে কোনো বিধি নিষেধ নেই। যে কেউ নিজের মতো করে টাকা বহন করতে পারেন।
এর আগে, বুধবার সকালে সৈয়দপুর বিমানবন্দরে অর্ধ কোটি টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জাতীয় নির্বাচনের একদিন আগে এ ঘটনায় দেশব্যাপী আলোচনার সৃষ্টি হয়।
পরে বিকেল ৩টায় জামায়াতের ওই নেতার আটক হওয়ার ঘটনাকে আইনশৃঙ্খলা বাহিনীর সাজানো নাটক বলে মন্তব্য করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের।
তিনি বলেন, ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির একজন ব্যবসায়ী। ঢাকা বিমানবন্দর ছাড়পত্র দিলেও সৈয়দপুর বিমানবন্দরের মতো একটি সিকিউর জায়গায় এ ধরনের নাটক সাজানো হয়েছে। এ সময় বিমানবন্দরের নির্বাহী পরিচালক ও গ্রুপ ক্যাপ্টেন রাগিব সামাদ অনাপত্তিপত্র দেন বলে জানান এহসানুল মাহবুব জোবায়ের।
জুবায়ের বলেন, ‘একজন ব্যক্তি তার নিজের টাকা দেশের যেকোনো স্থানে বহন করতে পারেন। এটি কোনো অপরাধ নয়।’
তিনি আরও বলেন, যারা আগের নির্বাচনে যুক্ত ছিল, জনগণ তাদের লাল কার্ড দেখিয়েছে। এখন প্রশাসনের একটি অংশ একপেশে ভূমিকা পালন করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।











