খেলা চলাকালীন মৌমাছির আক্রমণ, আম্পায়ারের মৃত্যু
ডেস্ক রিপোর্ট।। মর্মান্তিক এক ঘটনার সাক্ষী হল ভারতের উত্তরপ্রদেরশে এক ক্রিকেট ম্যাচ। রাজ্যটির উন্নাও জেলায় ম্যাচ চলাকালে মৌমাছির ঝাঁকের আক্রমণে মারা গেছেন আম্পায়ার। তার বয়স ছিল ৬৫ বছর। এছাড়াও বেশ কয়েকজন ক্রিকেটার আহত হয়েছেন।
কানপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, বুধবার সন্ধ্যায় শুক্লাগঞ্জ এলাকার সাপরু ময়দানে আয়োজিত ম্যাচে এই ঘটনা ঘটে। ঘটনা নিশ্চিত করে কানপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি এস এন সিং ভারতীয় সংবাদমাধ্যমে বলেছেন, ‘মৌমাছির ঝাঁকের আক্রমণে আম্পায়ার মানিক গুপ্তের মৃত্যু হয়েছে। গুপ্তকে হাসপাতালে নেয়ার সময়ও তার মুখ ও শরীরে মৌমাছি লেগে ছিল, যা হামলার তীব্রতা বোঝায়। এই শোকের মুহূর্তে আমরা শোকসন্তপ্ত এবং তার পরিবারের পাশে দৃঢ়ভাবে আছি।’
পুলিশ জানিয়েছেন, কানপুরের বাসিন্দা মানিক গুপ্ত ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করছিলেন। হঠাৎ করে মৌমাছির একটি ঝাঁক মাঠে উপস্থিত খেলোয়াড় ও কর্মকর্তাদের ওপর আক্রমণ চালায়, এতে মাঠজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খেলোয়াড় ও দর্শকরা প্রাণ বাঁচাতে ছুটোছুটি শুরু করেন। আম্পায়ারসহ প্রায় ১৫ থেকে ২০ জন খেলোয়াড় মৌমাছির হুলে আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মানিক গুপ্ত গুরুতরভাবে আহত হয়ে অচেতন হয়ে পড়েন। তাকে প্রথমে শুক্লাগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয় এবং পরে অবস্থার অবনতি হলে কানপুরের লালা লাজপাত রায় হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।











