ঢাকা | ফেব্রুয়ারী ৯, ২০২৬ - ১০:১৫ অপরাহ্ন

শিরোনাম

নির্বিঘ্ন ভোটাধিকার নিশ্চিত করতে আলীকদম সেনা জোনের তত্ত্বাবধানে জোরদার নিরাপত্তা

  • আপডেট: Monday, February 9, 2026 - 7:28 pm

আলীকদম (বান্দরবান) প্রতিনিধি।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ ও গণভোটকে সামনে রেখে আলীকদম উপজেলায় অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে আলীকদম সেনা জোনের তত্ত্বাবধানে জোরদার নিরাপত্তা কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি ২০২৬) নির্বাচনী নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে সেনা জোনের উদ্যোগে নিরাপত্তা বাহিনীর প্রতিনিধি এবং উপজেলা প্রশাসনের সমন্বয়ে আলীকদম উপজেলার সকল ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে ভোটকেন্দ্রগুলোর ভৌত নিরাপত্তা ব্যবস্থা, কেন্দ্রভিত্তিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, যোগাযোগ ব্যবস্থা, প্রবেশ ও বহির্গমন পথ, পার্শ্ববর্তী ঝুঁকিপূর্ণ ও সংবেদনশীল এলাকা চিহ্নিতকরণ, নিরাপত্তা জনবল ও দায়িত্ব বণ্টন, সম্ভাব্য হুমকি মূল্যায়ন এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়া প্রদানের পরিকল্পনা বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়।
এ সময় ভোটাররা যেন নিরাপদ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি সম্ভাব্য যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধ, সহিংসতা ও বিশৃঙ্খলা দমন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি স্থাপনা, প্রধান যোগাযোগ সড়ক, জনবহুল এলাকা, বাজারকেন্দ্রসহ অন্যান্য সংবেদনশীল স্থানে নিয়মিত ও বিশেষ টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।
নির্বাচনকালীন সময়ে আলীকদম সেনা জোনের সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ পুলিশ ও আনসারের সমন্বিত টহল, নিবিড় নজরদারি, চেকপোস্ট কার্যক্রম এবং দ্রুত প্রতিক্রিয়া ব্যবস্থা সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রাখা হয়েছে।
নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা, গুজব, অবৈধ কর্মকাণ্ড কিংবা আইনবহির্ভূত তৎপরতা কঠোরভাবে প্রতিরোধে নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবে বলে জানানো হয়। একই সঙ্গে সাধারণ জনগণকে গুজবে বিভ্রান্ত না হয়ে আইনশৃঙ্খলা রক্ষায় সচেতন ভূমিকা পালন এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও নিরাপত্তা বাহিনীকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আহ্বান জানানো হয়েছে।
আলীকদম সেনা জোনের তত্ত্বাবধানে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের সমন্বিত ও সময়োপযোগী নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে আলীকদম ও লামা উপজেলায় একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য অনুকূল ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়েছে।
সেনা জোনের কার্যকর ও দৃশ্যমান নিরাপত্তা উদ্যোগের ফলে আলীকদম ও লামা উপজেলার সাধারণ জনগণের মধ্যে নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে আস্থাশীল ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। ভোটাররা নিরাপদ ও নির্বিঘ্নভাবে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।