ঢাকা | মার্চ ৬, ২০২৬ - ১২:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম

৫০ হাজার ইয়াবাসহ রামুর যুবদল নেতা ও বোন আটক

  • আপডেট: Thursday, March 5, 2026 - 11:19 pm

রামু প্রতিনিধি।। কক্সবাজার সদর উপজেলার বাংলাবাজার ও খরুলিয়া এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ৫০ হাজার পিস ইয়াবাসহ রামুর এক যুবদল নেতা, তার আপন বোনসহ তিনজনকে আটক করা হয়েছে। এ সময় মাদক বিক্রির নগদ ৪ লাখ ৫০ হাজার টাকাও জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৫ মার্চ) ভোররাত থেকে সকাল ৭টা পর্যন্ত কক্সবাজার সদর মডেল থানার পুলিশের একটি দল অভিযানটি পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাবাজার ও খরুলিয়া এলাকার একাধিক স্থানে অভিযান চালানো হয়। অভিযানের সময় মাদককারবারিদের কাছ থেকে ৫০ হাজার পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ৪ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়।

আটকরা হলেন- রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শওকত আলম (৩০)। তিনি পশ্চিম মেরংলোয়া এলাকার মৃত নজিবুল আলমের ছেলে। অপর দুইজন হলেন- শওকত আলমের বোন কামরুন্নাহার (৩২) এবং কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া সুতারচর এলাকার আলী আহাম্মদের ছেলে মো. রাসেল (৪০)।

এ ঘটনায় ঝিলংজা ইউনিয়নের পশ্চিম মুক্তারকুল বাংলাবাজার এলাকার মো. হানিফের ছেলে আলমগীর প্রকাশ আলম (৪২) পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

কক্সবাজার সদর মডেল থানার ওসি ছমিউদ্দিন বলেন, কক্সবাজারকে মাদকমুক্ত রাখতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ইয়াবা কারবারের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূলে এ অভিযান আরও জোরদার করা হবে।

তিনি আরও বলেন, জনসাধারণের সহযোগিতা পেলে মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান আরও কার্যকর হবে।