ঢাকা | ফেব্রুয়ারী ২১, ২০২৬ - ৫:৩২ অপরাহ্ন

শিরোনাম

সুন্দরবন থেকে অস্ত্র-গোলাবারুদসহ করিম শরীফ বাহিনীর সক্রিয় সদস্য আটক

  • আপডেট: Saturday, February 21, 2026 - 2:19 pm

স্টাফ রিপোর্টার, মোংলা।। সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্যকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে কোস্ট গার্ড। আটক যুবকের নাম বাদশা শেখ (২৫)। তার বাড়ি বাগেরহাট জেলার রামপাল থানায়।

আজ শনিবার (২১ ফেব্রুয়ারি ২০২৬) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, করিম শরীফ বাহিনীর সদস্যরা সুন্দরবনের শ্যালা নদী সংলগ্ন মূর্তির খাল ও তৈয়বের খাল এলাকায় অবস্থান করছিল। এ তথ্যের ভিত্তিতে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলা ও আউটপোস্ট নলিয়ানের যৌথ বিশেষ অভিযানে ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ৪টি একনলা বন্দুক, ১টি ওয়ান শুটার গান, ১০ রাউন্ড তাজা গোলা, ১৭ রাউন্ড তাজা কার্তুজ ও ১০ রাউন্ড ফাঁকা কার্তুজসহ বাদশা শেখকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাদশা শেখ জানিয়েছে, সে দীর্ঘদিন ধরে করিম শরীফ বাহিনীর সঙ্গে যুক্ত। ডাকাতি ছাড়াও দলের জন্য অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য রসদ সরবরাহ করে সহযোগিতা করে আসছিল। জব্দকৃত অস্ত্র-গোলাবারুদ ও আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।