সুন্দরবনে ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস, মালামাল জব্দ
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।। সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর একটি আস্তানা ধ্বংস করে বিভিন্ন মালামাল জব্দ করেছে কোস্ট গার্ড।
আজ সোমবার (৩০ মার্চ ২০২৬) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর সদস্যরা বাগেরহাটের মোংলা থানাধীন সীমান্ত খাল সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে সোমবার সকাল ৬টায় কোস্ট গার্ড বেইস মোংলা ও স্টেশন হারবারিয়া যৌথভাবে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে ডাকাতদের একটি আস্তানা শনাক্ত করে তা ধ্বংস করা হয়। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি ওয়াকি-টকি এবং রান্নার কাজে ব্যবহৃত নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসহ বিভিন্ন আনুষঙ্গিক মালামাল জব্দ করা হয়।
তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ছোট সুমন বাহিনীর সদস্যরা সুন্দরবনের গভীরে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত মালামালের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানানো হয়েছে।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।











