ঢাকা | মার্চ ১২, ২০২৬ - ৬:৪৩ অপরাহ্ন

সুন্দরবনে অস্ত্র-গোলাবারুদসহ করিম শরীফ বাহিনীর সক্রিয় সদস্য আটক

  • আপডেট: Thursday, March 12, 2026 - 5:18 pm

স্টাফ রিপোর্টার, মোংলা।। বাংলাদেশ কোস্ট গার্ডের একটি বিশেষ অভিযানে সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্যকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তির নাম ওসমান গণি (৩৮)। সে সাতক্ষীরা জেলার আশাশুনি থানার বাসিন্দা।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আজ বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে যে, করিম শরীফ বাহিনীর সদস্যরা সুন্দরবনের শেলা নদী সংলগ্ন মূর্তির খাল এলাকায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড বেইজ মোংলা থেকে আজ সকাল ৬টায় ওই এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানকালে ওসমান গণিকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী তল্লাশিতে জব্দ করা হয় ১টি একনলা বন্দুক, ১৬ রাউন্ড তাজা কার্তুজ এবং ৫ রাউন্ড ফাঁকা কার্তুজ।
ওসমান গণি দীর্ঘদিন ধরে করিম শরীফ বাহিনীর সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ডাকাতি কার্যক্রমে সরাসরি অংশগ্রহণের পাশাপাশি বাহিনীকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করে সহযোগিতা করে আসছিলেন বলে জানা গেছে।
কোস্ট গার্ড জানিয়েছে, জব্দকৃত আলামত এবং আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, “সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। দস্যুদের উদ্দেশ্যে বলতে চাই—আমরা থামব না।” উল্লেখ্য, সুন্দরবনে করিম শরীফ বাহিনীসহ বিভিন্ন ডাকাত দলের সদস্যদের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান নিয়মিত চলছে। সম্প্রতি একাধিক অভিযানে বেশ কয়েকজন ডাকাত ও তাদের সহযোগীকে আটকের পাশাপাশি অস্ত্র-গোলাবারুদ জব্দ করা হয়েছে।