ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ৯:১৫ অপরাহ্ন

শিরোনাম

সীতাকুণ্ডে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে মিরসরাইয়ের যুবক নিহত

  • আপডেট: Wednesday, March 11, 2026 - 7:44 pm

মিরসরাই প্রতিনিধি।।
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে এক যুবদল কর্মী নিহত হয়েছেন। নিহতের নাম সজিব চৌধুরী আকাশ (২৫)। বুধবার (১১ মার্চ) সকাল সাড়ে ১০টার সময় পুলিশ উপজেলার মুরাদপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের গুপ্তখালী গ্রামের একটি টমেটো ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় রাকিব নামে একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে।
নিহত সজিব মিরসরাই উপজেলার আবুতোরব এলাকার শাহ আলমের ছেলে। তিনি দীর্ঘদিন যাবত পরিবার নিয়ে সীতাকুণ্ডে নানার বাড়িতে বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৮টার সময় মুরাদপুর ইউনিয়নের গুপ্তখালী গ্রামে বিএনপি নেতা আবদুল আলিম গ্রুপের সাথে একই জায়গার ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাবুদ্দিন গ্রুপের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আরও ৫ জন আহত হন। এরপর থেকে শাহাবুদ্দিন গ্রুপের যুবদল কর্মী সজিব নিখোঁজ হন।
এ ব্যাপারে রাতেই সজিবের পরিবার থেকে থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। বুধবার সকাল সাড়ে ১০টার সময় গুপ্তখালী গ্রামের একটি সবজি ক্ষেতে সজিবের রক্তাক্ত মৃতদেহ পাওয়া যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বেশ কয়েকজন জানিয়েছেন, সামনে ইউনিয়ন পরিষদের নির্বাচনে ৪ নং ওয়ার্ড থেকে মেম্বার পদপ্রার্থী হিসেবে আবদুল আলিম ও শাহাবুদ্দিন প্রতিদ্বন্দ্বিতা করার কথা রয়েছে। এ নিয়ে দুইজনের মধ্যে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন বলেন, নিহত সজিব আমার সিএনজি অটোরিকশা গ্যারেজ দেখাশোনা করত। কিছুদিন আগে গ্রামে একটি সিএনজি অটোরিকশার ব্যাটারি চুরি নিয়ে শালিস বসে। এ ঘটনার সূত্র ধরে জনৈক আবদুল আলিম গ্রুপের সাথে বিরোধের জেরে সজিবকে তারা হত্যা করে। এছাড়া আমার দলের আরও ৫ জনকে তারা কুপিয়ে জখম করে।
সীতাকুণ্ড মডেল থানার এসআই মোঃ বেলাল বলেন, মুরাদপুর ইউনিয়নের গুপ্তখালী গ্রামে মঙ্গলবার রাতে দুই গ্রুপের সংঘর্ষ হয়। সকালে ওই এলাকার একটি টমেটো ক্ষেত থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।