ঢাকা | মার্চ ১৮, ২০২৬ - ১২:০৫ পূর্বাহ্ন

শিরোনাম

সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের উদ্যোগে নওমুসলিম ও হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

  • আপডেট: Tuesday, March 17, 2026 - 9:55 pm

নিউজ ডেস্ক।।

সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ এর উদ্যোগে খাগড়াছড়ি জেলার আবু হুরায়রা (রঃ) মাদ্রাসায় মঙ্গলবার বিকাল ৩০.০০ ঘটিকায় পার্বত্য চট্টগ্রামের নওমুসলিম ও হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়ক মোঃ মোস্তফা আল ইহযায। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ঈদুল ফিতর আমাদের মুসলমানদের জন্য অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। দিনটি আমাদের মুসলিম ভাইদের বড়ই আনন্দের এবং খুশির দিন। পার্বত্য চট্টগ্রামের নওমুসলিমরা দুর্গম পাহাড়ি এলাকায় বসবাস করায় এবং ভিন্ন ধর্ম থেকে মুসলিম ধর্ম গ্রহণ করার কারণে নিজ জাতিগোষ্ঠী থেকে বিচ্ছিন্ন হয়ে চরম অর্থনৈতিক ও খাদ্য সংকটের মধ্যে দিয়ে জীবনযাপন করছে তারা। নওমুসলিমরা যেমনভাবে পরিবার থেকে বঞ্চিত ও অবহেলিত, ঠিক তেমনি ভাবে সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার নিকটেও বঞ্চিত ও অবহেলিত হয়ে আসছে। রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে হতদরিদ্রের জন্য সহযোগিতা প্রদান করা হলেও পার্বত্য অঞ্চলের প্রশাসনিক কাঠামো উপজাতিদের হাতে থাকায় নওমুসলিমগণ সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়ে থাকে। নওমুসলিমদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিতে রাষ্ট্র ও সমাজ ব্যবস্থার প্রতি বিশেষ অনুরোধ করেন তিনি। সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ এর উদ্যোগে নওমুসলিমদের ঈদের আনন্দকে বাড়িয়ে তুলতে বরাবরের মতো এবারও ক্ষুদ্র প্রয়াস গ্রহণ করা হয়েছে। আগামীতেও সংগঠনের সদস্যদের নিয়ে নওমুসলিম ও পার্বত্য চট্টগ্রামের হতদরিদ্র জনগোষ্ঠীর মাঝে সহযোগিতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এসময় মাওলানা নুরুজ্জামান এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুফতী ইমাম উদ্দিন কাশেমী, মাওলানা জাহাঙ্গীর আলম, মুস্তাফিজুর রহমান ভূঁইয়া, শিক্ষাবিদ মরিয়ম বেগম, নওমুসলিম কল্যাণ পরিষদ এর সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম ও সম্পাদক মোঃ জুয়েল হোসেন, প্রমুখ।

ঈদ সামগ্রীর মধ্যে ছিল, চাউল, ডাল, তেল, পেঁয়াজ, ডিম, নুডলস, চিনি, লাচ্চা সেমাই, দুধ, ১০ ধরনের খাদ্য সামগ্রী।