সাজেকের গঙ্গারামে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ
দীঘিনালা প্রতিনিধি।
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ৩৬ নম্বর সাজেক ইউনিয়নের গঙ্গারাম এলাকায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে বাঘাইহাট সেনা জোন।
রবিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বাঘাইহাট জোনের উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হয়। জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. তারেকুল ইমরান, পিএসসি-এর তত্ত্বাবধানে আয়োজিত এ চিকিৎসা সেবা কার্যক্রমে সাজেক ইউনিয়নের বিভিন্ন গ্রামের পাহাড়ি ও বাঙালি সম্প্রদায়ের মোট ৫১১ জন দুস্থ ও হতদরিদ্র মানুষ চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ পান।
এ সময় উপস্থিত ছিলেন উপ-অধিনায়ক মেজর মো. সালমান সিদ্দিক, পিএসসি। চিকিৎসা সেবা প্রদান করেন মেডিকেল অফিসার ক্যাপ্টেন শাহনেওয়াজ সুশান (আরএমও)। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জোন অধিনায়ক বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় চিকিৎসা সেবার অভাব বিবেচনায় এ উদ্যোগ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।











