সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিই হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান
নিজস্ব প্রতিবেদক।। বাংলাদেশের সংবিধানে বহুল আলোচিত নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
আজ রোববার (১৫ মার্চ) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ৭৪ পৃষ্ঠার এই রায়টি প্রকাশ করা হয়।
সাবেক প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের লিখিত রায়ে বলা হয়, সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিই নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। পূর্ণাঙ্গ রায়ে আপিল বিভাগ বলেন, চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকেই এই ব্যবস্থা কার্যকর হবে। তবে বর্তমান সংসদ চাইলে এ ব্যবস্থার সংযোজন বা বিয়োজন করতে পারবে।
এ বিষয়ে বিএনপির আইনজীবী রুহুল কুদ্দুস কাজল গণমাধ্যমকে বলেন, এই রায় কোনো একক দলের নয়, বরং পুরো জাতির জন্য একটি মাইলফলক। তিনি আরও বলেন, ২০১১ সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেশের গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করা হয়েছিল, যা এই রায়ের মাধ্যমে সংশোধিত হলো।
১৯৯৬ সালে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে প্রবর্তিত এই ব্যবস্থা ২০১১ সালে আপিল বিভাগের এক রায়ের প্রেক্ষিতে বিলুপ্ত করা হয়েছিল। আওয়ামী লীগ সরকারের পতনের পর বর্তমান অন্তর্বর্তী সরকারের সময় ওই রায় পুনর্বিবেচনার আবেদন করা হলে সর্বোচ্চ আদালত নতুন এই সিদ্ধান্ত দেন।
সাত বিচারকের পূর্ণাঙ্গ বেঞ্চের অন্য সদস্যরা হলেন- বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এস এম ইমদাদুল হক, বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব।











