ঢাকা | ফেব্রুয়ারী ১৪, ২০২৬ - ৮:৪২ অপরাহ্ন

শিরোনাম

সন্দীপ চক্রবর্তী হচ্ছেন ঢাকায় ভারতের পরবর্তী হাইকমিশনার!

  • আপডেট: Saturday, February 14, 2026 - 7:18 pm

দেশ টিভি ডেস্ক।। বাংলাদেশে নতুন সরকার গঠনের প্রাক্কালে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনে বড় কূটনৈতিক রদবদলের আভাস মিলেছে।

ইন্দোনেশিয়ায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত সন্দীপ চক্রবর্তীকে ঢাকায় পরবর্তী হাইকমিশনার হিসেবে পাঠানোর আলোচনা চলছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

ঢাকা–নয়াদিল্লি সম্পর্কে সাম্প্রতিক টানাপোড়েনের পর সম্পর্ক পুনর্গঠনের লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হতে পারে বলে কূটনৈতিক সূত্রের দাবি।

১৯৯৬ ব্যাচের ভারতীয় ফরেন সার্ভিস কর্মকর্তা সন্দীপ চক্রবর্তী ২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত ঢাকায় ডেপুটি হাইকমিশনার (ডেপুটি চিফ অব মিশন) হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৩ সালের আগস্ট থেকে তিনি জাকার্তায় ভারতের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত আছেন এবং বাণিজ্য ও প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে ভূমিকা রাখছেন।

এর আগে তিনি পেরু ও বলিভিয়ায় রাষ্ট্রদূত, নিউইয়র্কে কনসাল জেনারেল এবং স্পেন ও কলম্বিয়ায় ভারতের মিশনে দায়িত্ব পালন করেন। দিল্লিতে তিনি পশ্চিম ইউরোপ ও ইউরোপীয় ইউনিয়ন–সংক্রান্ত বিভাগের যুগ্মসচিব হিসেবেও কাজ করেছেন।

বর্তমানে ঢাকায় ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন প্রণয় ভার্মা। তিনি ২০২২ সালের অক্টোবর থেকে এই পদে রয়েছেন এবং নতুন সরকার পূর্ণাঙ্গভাবে দায়িত্ব নেওয়া ও ‘অ্যাগ্রেমঁ’ প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত আরও কিছুদিন দায়িত্বে থাকতে পারেন বলে জানা গেছে।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন জোটের বিজয়ের পর নতুন রাজনৈতিক বাস্তবতায় ভারত–বাংলাদেশ সম্পর্ক নতুনভাবে সাজানোর উদ্যোগ দেখা যাচ্ছে।

কূটনৈতিক মহলের ধারণা, বাংলা ভাষায় দক্ষ এবং ঢাকায় পূর্ব অভিজ্ঞতাসম্পন্ন একজন কর্মকর্তাকে নিয়োগের মাধ্যমে নয়াদিল্লি সম্পর্কের আস্থা পুনর্গঠনের বার্তা দিতে চাইছে। নতুন নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা ও স্বাগতিক দেশের সম্মতির পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।