শালিসি বৈঠকে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা, আহত ১
ফটিকছড়ি প্রতিনিধি:
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নে শালিসি বৈঠকে ডেকে নিয়ে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (৪ এপ্রিল) বিকেল থেকে শুরু হওয়া বৈঠক রাত পর্যন্ত গড়ালে এক পর্যায়ে উত্তেজিত জনতার হামলায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মো. আবছার (৩৫)। তিনি স্থানীয় খোন্দকার পাড়ার নবীদুর রহমানের ছেলে। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন মো. রাসেল নামের আরেক যুবক।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, এলাকায় ধারাবাহিক চুরির ঘটনায় অতিষ্ঠ হয়ে গ্রামবাসী একটি শালিসি বৈঠকের আয়োজন করে। ওই বৈঠকে আবছার ও রাসেলকে ডেকে আনা হয়। বৈঠক চলাকালে তাদের বিরুদ্ধে চুরির অভিযোগ তুলে ধরে স্থানীয় একটি পক্ষ এবং তাদের বিরুদ্ধে প্রমাণ উপস্থাপনের দাবি করা হয়।
এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উপস্থিত কয়েকজন তাদের ওপর হামলা চালায়। এ সময় আবছার ও রাসেলকে বেধড়ক মারধর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক আবছারকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত রাসেলকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, নিহত ও আহত দুই যুবকের বিরুদ্ধে পূর্ব থেকে চুরির একাধিক অভিযোগ ছিল। তবে শালিসি বৈঠক এভাবে সহিংসতায় রূপ নেবে, তা আয়োজকরা ধারণা করতে পারেননি।
ঘটনার খবর পেয়ে ভূজপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
ভূজপুর থানার অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দে জানান, ঘটনার পরপরই পুলিশ অভিযান শুরু করেছে এবং জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তিনি বলেন, “কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকলে তা আইনের মাধ্যমে বিচার হবে। এভাবে কাউকে পিটিয়ে হত্যা করার কোনো অধিকার কারো নেই।”











