শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন
ঈদগাঁও প্রতিনিধি, কক্সবাজার।।
উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৬। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিকেল ৩টায় শেষ হয়।
প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোহাম্মদ আহমদ কবির জানান, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা প্রতিবন্ধকতা ছাড়াই সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। তিনি আরও জানান, একই দিন রাত সাড়ে ৯টায় ভোট গণনা শুরু হবে।
জানা গেছে, কক্সবাজার ও চকরিয়া—এই দুই কেন্দ্রে একযোগে নির্বাচন অনুষ্ঠিত হয়। মোট ভোটার ছিলেন ৯৪৩ জন। এর মধ্যে ৮৯২ জন আইনজীবী তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন, যা সন্তোষজনক উপস্থিতি হিসেবে বিবেচিত হচ্ছে।
এবারের নির্বাচনে পৃথক তিনটি প্যানেলে মোট ৫০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। প্যানেলগুলো হলো অ্যাডভোকেট আব্দুল মান্নান–অ্যাডভোকেট ছলিমুল মোস্তফা পরিষদ, অ্যাডভোকেট মোহাম্মদ আমির হোছাইন–অ্যাডভোকেট মোহাম্মদ আখতার উদ্দিন হেলালী পরিষদ এবং অ্যাডভোকেট বদিউল আলম সিকদার–অ্যাডভোকেট নুরুল হুদা পরিষদ।
ভোটগ্রহণ শেষে প্রার্থীরা নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন। এখন সবার দৃষ্টি ফলাফল ঘোষণার দিকে।











