লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সমন্বয় সভা, ডেঙ্গু-ম্যালেরিয়া রোধে জোরালো আলোচনা
লামা (বান্দরবান) প্রতিনিধি।
লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা-কর্মচারীদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় ডাঃ উইলিয়াম লুসাই মেমোরিয়াল হলে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম মোস্তফা নাদিম।
সভায় মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবা প্রদানের বিভিন্ন দিক তুলে ধরেন স্বাস্থ্যকর্মীরা। তারা সেবা কার্যক্রমের অগ্রগতি ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন ব্র্যাকের ম্যানেজার। তিনি বৈশ্বিক জলবায়ু পরিবর্তন প্রকল্পের আওতায় ডেঙ্গু ও ম্যালেরিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। ম্যালেরিয়ার নতুন ধরন সম্পর্কে ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, হালকা জ্বরের সঙ্গে ডায়রিয়া বা পাতলা পায়খানা ম্যালেরিয়ার লক্ষণ হতে পারে। বারবার জ্বরের সঙ্গে বমি ও খিঁচুনি হলে তা মারাত্মক (সিভিয়ার) ম্যালেরিয়ার উপসর্গ হতে পারে।
তিনি আরও বলেন, কীটনাশকযুক্ত মশারীর অপব্যবহার করা যাবে না। এসব মশারীর সুতায় কীটনাশক মিশ্রিত থাকে। তাই এগুলো সরাসরি নদী, ঝিরি বা পুকুরে ধোয়া যাবে না, এতে জলজ প্রাণীর ক্ষতি হতে পারে। পুরোনো মশারীর নেট দিয়ে হাঁস-মুরগি বা গবাদিপশু পালন করাও ঠিক নয়। মশার কামড় থেকে সুরক্ষা এবং ম্যালেরিয়ার চিকিৎসা সহায়তায় দাতারা এসব কীটনাশকযুক্ত মশারী সরবরাহ করছেন।
তিনি জানান, মশারী ব্যবহারে গর্ভবতী মা, শিশু, বৃদ্ধ ও নারীদের অগ্রাধিকার দিতে হবে। চলতি সেশনে ম্যালেরিয়া প্রতিরোধে ৯৭ হাজার মশারী এসেছে এবং বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।
স্বাস্থ্য সহকারী ইনচার্জ সমিরণ বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লামা প্রেসক্লাবের সেক্রেটারি মুহাম্মদ কামরুজ্জামান।











