ঢাকা | মার্চ ৪, ২০২৬ - ৯:১৮ অপরাহ্ন

শিরোনাম

লামায় ৩০ কৃষকের মাঝে হলুদ কন্দ বীজ ও সার বিতরণ

  • আপডেট: Wednesday, March 4, 2026 - 7:43 pm

লামা (বান্দরবান) সংবাদদাতা |
বান্দরবানের লামা উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৩০ জন কৃষকের মাঝে হলুদ কন্দ বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে লামা উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি বছরে উপজেলার ৩০ জন কৃষক হলুদ কন্দ চাষে প্রণোদনার সুযোগ পাচ্ছেন। প্রতিজন কৃষক ২০ শতাংশ জমির জন্য পেয়েছেন ১ কেজি হলুদ কন্দ বীজ, ৫ কেজি ডিএপি সার ও ৫ কেজি এসওপি সার।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন বলেন, সরকার দেশের প্রান্তিক কৃষকদের আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত করতে কাজ করছে। একই সঙ্গে আমদানি নিরুৎসাহিত ও দেশীয় অর্থ সাশ্রয়ের লক্ষ্যে কৃষকদের বিভিন্ন ফসল উৎপাদনে প্রণোদনা দেওয়া হচ্ছে।
লামা উপজেলা কৃষি কর্মকর্তা সোহেল রানা বলেন, সার প্রয়োগে কৃষকদের সচেতনতা অবলম্বন করতে হবে। তিনি আরও জানান, উপজেলা ও পৌরসভা এলাকার ৩০ জন কৃষক এ প্রকল্পের আওতায় উপকৃত হবেন।
এ সময় লামা প্রেসক্লাব-এর সেক্রেটারি মুহাম্মদ কামরুজ্জামান, উপসহকারী কৃষি কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।